কয়েক মাসের ব্যবধানে বাংলাদেশের আরও একটি সিনেমায় অভিনয় করতে চলেছেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সিনেমার নাম ‘তরী’ । বাংলাদেশের লেখক আহাদুর রহমানের গল্প অবলম্বনে তৈরি হওয়া সিনেমাটি পরিচালনা করছেন রাশিদ পলাশ ।
পরিচালক জানিয়েছেন, গল্পের প্রথম পর্বের শুটিংয়ের কাজ শেষ । এবার দ্বিতীয় পর্বের শুটিং । সেখানে ঋতুপর্ণার যোগ দেওয়ার কথা । চলতি বছরের শুরুতে ‘বাঙালি বিলাস’ নামে এক সিনেমার শুটিং করতে, বাংলাদেশে গিয়েছিলেন ঋতুপর্ণা । পরিচালক রাশিদ পলাশ বলেন, গত এপ্রিল থেকে সিনেমাটির শুটিং চলছে । প্রথম পর্বে চাঁপাইনবাবগঞ্জ থেকে শুটিং শুরু হয়েছিল । ঢাকার তেজগাঁও বস্তিতে শুটিং শেষ হয়েছে । পরবর্তী অংশের শুটিং সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে । আর সেই অংশে ইউনিটের সঙ্গে যুক্ত হবেন ঋতুপর্ণা সেনগুপ্ত । পরিচালক রাশিদ আরও বলেন, ‘আমরা ঋতুপর্ণার সঙ্গে কথা বলেছি ।স্ক্রিপ্ট শোনার পর, উনি এই সিনেমাটি করার জন্য লিখিত ভাবে সম্মতি জানিয়েছেন । তার জন্য অগাস্টের শেষ সপ্তাহ কিংবা সেপ্টেম্বরের শুরুতে ঢাকায় আসবেন শুটিং করতে’ ।
আর কোন শিল্পী এই সিনেমায় অভিনয় করছেন ? জানতে চাইলে পরিচালক বলেন, অনেক চমক আছে এই সিনেমায় । শিল্পী নির্বাচন থেকে শুরু করে সব কিছুতেই আছে বৈচিত্রের ছোঁয়া । এই সিনেমা শুধু যে বাংলাদেশজুড়ে মুক্তি পাবে, সেই চিন্তা নিয়ে এই ছবি তৈরি হচ্ছে না । দুই বাংলার পাশাপাশি, বিশ্বের অন্যান্য দেশ, যেখানে বাঙালি দর্শক রয়েছেন, সেই সব শহরে মুক্তি পাবে তরী । আপাতত এই রকম একটা পরিকল্পনা নিয়েই ছবিটা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক পলাশ । তবে ঋতুপর্ণার সঙ্গে আর কে কে থাকছেন এই সিনেমায়, সে ব্যাপারে এখনই কিছু বলতে নারাজ পরিচালক ।
বাংলাদেশের সিনেমায় টলিউড অভিনেত্রী ঋতুপর্ণার উপস্থিতি নতুন নয় । ১৯৯৭ সালে ‘স্বামী কেন আসামী’ দিয়ে ওপার বাংলার রূপোলী পর্দায় পা রেখেছিলেন ‘অযোগ্য’ নায়িকা । এরপর গত দুই দশকের বিভিন্ন সময়ে ‘মেয়েরাও মানুষ’, ‘রাঙা বউ’, ‘দেশ দরদী’, ‘অগ্নিবীণা’ সহ বাংলাদেশের একাধিক সিনেমায় কাজ করেছেন তিনি । গত বছর ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় ‘স্পর্শ’ সিনেমায় অভিনয় করেন ঋতুপর্ণা । এই সিনেমায় তাঁর সঙ্গে জুটি বাঁধেন বাংলাদেশের তারকা নিরব হোসেন । কলকাতার অভিনন্দন দত্তের সঙ্গে যৌথভাবে ওই ছবিটি পরিচালনা করেন বাংলাদেশের অনন্য মামুন । বাংলাদেশের নায়কদের মধ্যে ইলিয়াস কাঞ্চন, ফেরদৌস আহমেদ, আমিন খান, রিয়াজ, আরিফিন শুভ, শাকিব খানসহ আরও কয়েকজন অভিনেতার বিপরীতে চুটিয়ে অভিনয় করেছেন ঋতুপর্ণা ।