২০০ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে কনম্যান সুকেশ চন্দ্রশেখরকে। তাঁর সূত্র ধরেই এই মামলায় নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের। তাঁকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এই মামলায় নাম জড়ানোয় কেরিয়ারে ক্ষতি হচ্ছে বলেও দাবি করেছিলেন অভিনেত্রী। কিন্তু সুকেশ মামলা কিছুতেই যেন পিছু ছাড়তে চাইছে না। ফের একবার তাঁকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আর্থিক প্রতারণা মামলায় জ্যাকলিনের নাম জড়াতেই ইডির তরফে দাবি করা হয়েছিল, জালিয়াতির টাকা দিয়েই অভিনেত্রীর জন্য দামী উপহার কিনতেন কনম্যান সুকেশ। তাঁর প্রতারণার কথা জানতেন জ্যাকলিন। এমনকি সুকেশ যে বিবাহিত তাও জানতেন তিনি। এরপরও সুকেশের সঙ্গে আর্থিক লেনদেন ও উপহার বিনিময় চলত তাঁর। ২০২২ সালে চার্জশিটে এই বিষয়গুলি উল্লেখ করেছি ইডি। তদন্তের মাধ্যমেই জানা যায়, জ্যাকলিনের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিলেন সুকেশ চন্দ্রশেখর। তাঁদের ঘনিষ্ঠ ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও জ্যাকলিনের দাবি, সুকেশের মামলায় জড়িত থাকার বিষয়ে কিছুই জানতেন না তিনি।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরও দাবি করেছিল, জ্যাকলিন ফার্নান্ডেজ ইচ্ছাকৃতভাবে জিজ্ঞাসাবাদের সময় নিজের ও সুকেশ সংক্রান্ত বেশকিছু তথ্য গোপন করেছেন। আর্থিক লেনদেন নিয়েও মিথ্যে বয়ান দিয়েছিলেন। অন্যদিকে জ্যাকলিনের অভিযোগ, এই মামলার কারণে বলিউডে তাঁর ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ক্ষতির মুখে পড়েছে বলিউড কেরিয়ার। সূত্রে খবর, মামলায় নাম জড়ানোয় বেশ কিছু ছবি থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে। বর্তমানে ‘ফতেহ’, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’- এই দুটি ছবি তাঁর হাতে রয়েছে।

ইডি সূত্রে খবর, সমাজের উচ্চবিত্তদের টার্গেট করতেন সুকেশ। তাঁদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে মোটা টাকা আত্মসাৎ করতেন। তাঁর বিরুদ্ধে ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ ওঠে। গ্রেফতার হন তিনি। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই জ্যাকলিনের নাম উঠে আসে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

