মধুরিমা ভৌমিক
বর্ষার পাহাড়ের অপরূপ দৃশ্য দেখতে মন চায় সকলের । অন্য রূপে ধরা দেয় পাহাড় ঘেরা জায়গাগুলো । আবার বর্ষার উত্তাল সমুদ্র কিংবা স্রোতস্বিনী নদীও খুব আকর্ষণীয় । বর্ষায় পাহাড় সুন্দর হলেও কিছুটা ঝুঁকি থাকে । তাই এই সময়ে সাধারণত ঝুঁকি এড়াতে সমুদ্র বেশি পছন্দ করেন পর্যটকরা । তবে বেশি উচ্চতার পাহাড়ে না যেতে পারলে পাহাড়ি উপত্যকা এলাকাতে ঘুরে আসতে পারেন ।

শীত, গ্রীষ্ম বা বর্ষা, ভ্রমণপ্রেমীদের কাছে ঋতু বা সময় কোনও বিষয় নয়, বেড়ানো হলেই হল । বর্ষায় পুরী, দিঘার পাশাপাশি ঘুরে আসতে পারেন বিহার । বিহারের এমন কয়েকটি স্থান রয়েছে, যেগুলি বর্ষায় আলাদা রূপে ধরা দেয় । আবার অনেক ইতিহাস, পুরানো সংস্কৃতি সম্পর্কেও অনেক কিছু জানা যায় ।

বিহারের পর্যটনকেন্দ্র বলতেই প্রথমে যে নামটি মনে আসে, সেটি হল বুদ্ধগয়া । কথিত আছে, বুদ্ধদেব এখানেই অশ্বত্থ গাছের নীচে বোধি লাভ করেছিলেন । ফল্গু নদীর তীরে অবস্থিত এটি ব্যস্ত শহর হলেও বর্ষায় বেড়াতে দারুণ লাগে । বুদ্ধগয়া সুন্দরভাবে সাজানো একটি শহর । পরিচ্ছন্নতার নজির পাবেন এখানে । এখানে মহাবোধি মন্দির, বোধি বৃক্ষ থেকে প্রাচীন মঠ ও মন্দির, এমনকি চিনা মন্দির, থাই মন্দির-মঠ, রাজকীয় ভুটান মঠ,এবং মঠ থেকে প্রত্নতাত্ত্বিক জাদুঘরও দেখতে পাবেন ।

বুদ্ধগয়া মঠের ভিতর গাছের ছায়ায় বসে অনাবিল শান্তি মেলে । বিহারের অন্যতম পর্যটনকেন্দ্র হল রাজগীর । পাহাড় ঘেরা এই স্থানে এলে যেন ইতিহাস কথা বলে । এখানে অনেক প্রাচীন মঠ, প্রাসাদের ধ্বংসাবশেষ ও উষ্ণ প্রস্রবন রয়েছে । এছাড়া পাহাড়ের উপর অবস্থিত প্যাগোডা, বিশ্ব শান্তি স্তূপ, গ্লাস ব্রিজ দেখার মতো । রোপওয়ে করে পাহাড়ের উপর ওঠার মজাও পাবেন । ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় নালন্দা । পর্যটনের দৃষ্টিকোণ থেকে আজও এটি একটি খুব সুন্দর জায়গা ।

চিনা পরিব্রাজক হিউয়েন সাং এখানে এসেছিলেন এবং দু-বছর ছিলেন । তাই ইতিহাস-সন্ধানীদের কাছে নালন্দা আজও জনপ্রিয় । এখানে এলে প্রাচীন ভারতের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার আদপ-কায়দা সম্পর্কে একটা ধারণা মেলে । ইতহাস-সমৃদ্ধ স্থান হল, বিহারের বৈশালী । এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান, একসময়ে লিচ্ছবি শাসকদের রাজধানী ছিল বৈশালী । রেলিক স্তুপ, কুটাগরশালা বিহার, করোনেশন ট্যাঙ্ক, বিশ্ব শান্তি শিবালয়, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মিউজিয়াম, বাবন পোখর মন্দির, কুন্দলপুর, রাজা বিশাল দুর্গ, চৌমুখী মহাদেব এখানকার প্রধান আকর্ষণ । তাই দুদিনের ছুটি উপভোগ করুন পাহাড়ের সাথে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

