সিবিআইয়ের অপব্যবহার করছে কেন্দ্র! রাজ্যের পাশেই শীর্ষ আদালত

সিবিআইয়ের অপব্যবহার করছে কেন্দ্র । পশ্চিমবঙ্গ সরকারের করা মামলাকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, কেন্দ্র যে সিবিআইয়ের অপব্যবহার করছে, তা নিয়ে পশ্চিমবঙ্গের মামলার গ্রহণযোগ্যতা রয়েছে ।

পশ্চিমবঙ্গ সরকারের করা এই মামলার পরিপ্রেক্ষিতে সিবিআই এই মামলা খারিজের পাল্টা আবেদন করেছিল । এফআইআর দায়ের করতে গেলে রাজ্যের অনুমতি প্রয়োজন, পশ্চিমবঙ্গ সরকারের সেই বক্তব্যেরও গ্রহণযোগ্যতা রয়েছে বলে মনে করছে শীর্ষ আদালত ।

রাজ্যের পক্ষে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল । আগের শুনানিতে তিনি জানান, রাজ্যের অনুমতি বা ‘জেনারেল কনসেন্ট’ ছাড়া সিবিআই কোনও মামলায় তদন্ত করতে পারে না । রাজ্যে ঢোকার আগে তাদের অনুমতি নেওয়া প্রয়োজন । না হলে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এর প্রভাব পড়তে পারে বলে জানান তিনি । অভিযোগ, সিবিআই কোনও মামলায় ঢুকলে তার সূত্র ধরে ইডিও ঢুকে পড়ছে । এই পরিস্থিতির বদল হওয়া দরকার ।

রাজ্যের পাল্টা যুক্তি দিয়েছিলেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা । তিনি জানান, সিবিআই কেন্দ্রের অধীন নয় । এটি একটি স্বাধীন সংস্থা । ফলে কেন্দ্রের বিরুদ্ধে মামলা করায় এই মামলা গ্রহণযোগ্য হওয়া উচিত নয় ।

পশ্চিমবঙ্গে সিবিআই তদন্তের ঢালাও ছাড়পত্র বা ‘জেনারেল কনসেন্ট’ ২০১৮ সালে প্রত্যাহার করেছিল রাজ্য । তার পরেও সিবিআই রাজ্যের অনুমতি ছাড়া একের পর এক মামলায় এফআইআর করতে শুরু করায় সুপ্রিম কোর্টে কেন্দ্রের বিরুদ্ধে মামলা করেছিল রাজ্য সরকার । গত তিন বছর ধরে এই মামলা শীর্ষ আদালতে বিচারাধীন ছিল । বুধবার রাজ্যের বক্তব্যকেই প্রাথমিক ভাবে মান্যতা দিল শীর্ষ আদালত ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube