আবার গাজায় ইজরায়েলের হামলা, নিহত ৩০!

নিউজটাইম ওয়েবডেস্ক : দেবরাজ বন্দ্যোপাধ্যায়

গাজায় রক্তপাত যেন কিছুতেই থামছে না । এই নিয়ে চার দিনের মধ্যে চতুর্থবারের মতো গাজায় হামলা চালাল ইজরায়েলি বাহিনী । এবারও টার্গেট একটি স্কুল ভবন ।

প্যালেস্তাইনের দখলে থাকা দক্ষিণ গাজার খান ইউনিস শহরের নিকটবর্তী আল-কাবিরা শহরে এক স্কুল সংলগ্ন শরণার্থী শিবিরে ইজরায়েলের বিমান হামলা । কমপক্ষে ৩০জনের মৃত্যু । নিহতদের অধিকাংশই শিশু ও মহিলা । প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা । গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার খান ইউনিসের পূর্ব দিকের আল কাবিরা শহরের আল-আওদা স্কুলের গেটের পাশেই পরপর বোমা বর্ষণ করে ইজরায়েলি বাহিনী ।

সংবাদ সংস্থা জানিয়েছে, এই নিয়ে পরপর চার দিন গাজার বিভিন্ন স্কুল ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী । শুধু তাই নয়, যেসমস্ত স্কুল ভবনকে টার্গেট করছে ইজরায়েলি সেনা, সেই সবকটিই ছিল গৃহহীনদের আশ্রয় শিবির । এদিকে ইজরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ‘নির্ভুল এবং স্বয়ংক্রিয় অস্ত্র’ ব্যবহার করে, হামাসের সামরিক শাখার এক কম্যান্ডারের অবস্থান লক্ষ্য করে হামলাটি চালানো হয় । হামাসের এই যোদ্ধা গত বছরের ৭ অক্টোবর ইজরায়েলে চালানো হামলায় অংশ নিয়েছিল বলে দাবি করেছে তেল আভিভ । এই হামলায় ‘কোনো সাধারণ মানুষ নিহত হয়েছে কি না’ সেটা তারা খতিয়ে দেখবে বলে জানিয়েছে ইজরায়েলি বাহিনী, দাবি সংবাদ সংস্থার ।

গাজার হামাস পরিচালিত গণমাধ্যম দফতরের অধিকর্তা ইসমাইল আল-থাওয়াবতা
এক সপ্তাহ আগে ইজরায়েলি বাহিনী, গাজার আবাসিক প্রধান আল-কাবিরা শহর এবং খান ইউনিসের পূর্ব থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছি । তাদের এই নির্দেশ পাওয়ার পর ওই এলাকাগুলো থেকে হাজার হাজার প্যালেস্তিনীয় পালিয়ে যায় বলে জানিয়েছে সংবাদ সংস্থা । গাজার হামাস পরিচালিত গণমাধ্যম দফতরের অধিকর্তা ইসমাইল আল-থাওয়াবতা জানিয়েছেন, মধ্য গাজায় ইজরায়েলের অন্যান্য হামলাগুলোতে আরও কয়েক ডজন প্যালেস্তিনীয় নিহত হয়েছেন । মঙ্গলবার গাজাজুড়ে ইজরায়েলের হামলায় অন্তত কমপক্ষে ৬০ জন প্যালেস্তিনীয় নিহত হয়েছেন বলে দাবি করেছেন আল-থাওয়াবতা ।

গাজার বাসিন্দারা জানিয়েছেন, ইজরায়েলি সেনাবাহিনীর ট্যাংকগুলি গাজা শহরের তাল আল-হাওয়া, সুজাইয়া ও সাবরা এলাকার অনেক ভেতরে ঢুকে, রাস্তা এবং বাড়িগুলি লক্ষ্য করে গোলাবর্ষণ করছে । যার ফলে তাঁরা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন । এর আগে গণমাধ্যমে একটি পোস্ট দিয়ে এই এলাকাগুলির পাশাপাশি পূর্ব ও পশ্চিম গাজার বেশ কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী ।

এক বিবৃতিতে আল-থাওয়াবতা বলেন, ‘সাধারণ মানুষের বিরুদ্ধে এই ভয়াবহ গণহত্যা চালানোর জন্য আমরা দখলদার ও মার্কিন প্রশাসন দায়ী বলে মনে করছি’ । হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড ও তাদের সহযোগি ইসলামিক জিহাদ জানিয়েছে, গাজা শহরে তাদের যোদ্ধারা মেশিনগান, মর্টার ও ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে, ইজরায়েলি সেনাদের খতম করেছে । সংঘর্ষে জখম আরও অনেকে ।

গাজায় শান্তি ফেরাতে যখন কোনও কসরত বাকি রাখছে না বাইডেন প্রশাসন, তখন পরের পর ইজরায়েলি হামলা, মার্কিন যুক্তরাষ্ট্রের সেই উদ্যোগে কার্যত জল ঢালছে বলেই দাবি রাজনৈতিক মহলের । সংঘর্ষ কবে থামবে, সেদিকেই তাকিয়ে গাজার হাজার হাজার গৃহহীন পরিবার ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube