জল্পনা ছিলই। অবশেষে নিজেই সত্যিটা জানালেন টলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী। নিজের এক্স হ্যান্ডেলে জানালেন, শীঘ্রই শুটিং শুরু হবে ‘পরিণীতা’র হিন্দি রিমেকের। এটি কোনও সিনেমা নয় মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। শোনা যাচ্ছে, শুভশ্রী অভিনীত ‘মেহুল’ চরিত্রে অভিনয় করতে পারেন সাই পল্লবী। নায়কের চরিত্রে কারা থাকবেন? প্রথম হিন্দি ওয়েব সিরিজেই বড় চমক আনতে চলেছেন রাজ!

সূত্রে খবর, ‘পরিণীতা’র হিন্দি রিমেকে অভিনয় করতে পারেন সুমিত ব্যাস ও প্রিয়াংশু পাইনিওলি। একাধিক হিন্দি ছবিতে কাজ করেছেন দুই অভিনেতা। ‘ইংলিশ ভিংলিশ’, ‘ছাতরিওয়ালা’, ‘পার্মানেন্ট রুমমেটস’-এ সুমিত ব্যাসের অভিনয় বেশ প্রশংসিত। অন্যদিকে প্রিয়াংশু ‘রক অন ২’, ‘রেশমি রকেট’, ‘ইউ-টার্ন’-এ অভিনয় করেছেন। এছাড়া ‘মির্জাপুর ২’ ওয়েব সিরিজেও দেখা গিয়েছে প্রিয়াংশুকে।

শোনা যাচ্ছে, রাজের পরিচালনায় হিন্দি ওয়েব সিরিজটিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে সুমিত ব্যাসকে অর্থাৎ ‘পরিণীতা’য় যে চরিত্রটি করেছিলেন গৌরব চক্রবর্তী। মেহুলের শুভাকাঙ্খি অফিস কলিগের যে চরিত্রে আদৃত অভিনয় করেছিলেন রিমেকে সেখানে দেখা যেতে পারে প্রিয়াংশুকে। তবে ঋত্বিক চক্রবর্তী অভিনীত ‘বাবাই দা’ চরিত্রে কাকে দেখা যাবে তা এখনও জানা যায়নি। যদিও মনে করা হচ্ছে, এই চরিত্রে বড়সড় চমক দিতে পারেন পরিচালক রাজ।

‘পরিণীতা’র হিন্দি রিমেকের শুটিং শীঘ্রই শুরু হবে। তবে বর্তমানে রাজ চক্রবর্তী ‘বাবলি’ নিয়ে ব্যস্ত। বুদ্ধদেব গুহ-র বিখ্যাত উপন্যাস অবলম্বনে ‘বাবলি’ পরিচালনা করেছেন তিনি। শুভশ্রী গঙ্গোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র অভিনীত এই ছবি আগামী ৩০ আগস্ট মুক্তি পাবে বড় পর্দায়।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

