সাবধান! বাড়ছে জিকা সংক্রমণ

নিউজটাইম ওয়েবডেস্ক : মধুরিমা ভৌমিক

গত ৪৮ ঘণ্টায় পুনেতে অন্তত পাঁচ জনের শরীরে ধরা পড়েছে জিকা ভাইরাসের অস্তিত্ব । ক্রমশ বেড়েই চলেছে জিকা ভাইরাসের সংক্রমণ । মহারাষ্ট্রে জিকা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ । পাশাপাশি কর্নাটকেও দু’জন জিকা আক্রান্তের খবর মিলেছে । এই ঘটনায় উদ্বিগ্ন স্বাস্থ্যমন্ত্রক । সতর্ক করা হল সব রাজ্যকে । বাংলাতেও দেওয়া হয়েছে জিকা ভাইরাসের গাইডলাইন। গাইডলাইনে বিশেষ জোর দেওয়া হয়েছে গর্ভবতীদের সংক্রমণ প্রতিরোধে ।

জিকা প্রতিরোধে রাজ্যগুলির উদ্দেশে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস অতুল গোয়েলের দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে এই ভাইরাস থেকে বিশেষ করে গর্ভবতীদের সুরক্ষিত রাখতে হবে । জিকা সংক্রমণ হয়েছে কি না জানতে প্রত্যেকের রক্ত অথবা মূত্রের নমুনা পরীক্ষা করতে বলা হয়েছে । কেউ সংক্রমিত হলে তাঁর চিকিৎসার পাশাপাশি গর্ভস্থ ভ্রূণের উপরেও নজর রাখতে হবে । কেননা, মা সংক্রমিত হলে গর্ভস্থ ভ্রূণে যেমন সংক্রমণ ছড়ায়, তেমনই ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় ।

গাইডলাইনে প্রতিটি হাসপাতাল কর্তৃপক্ষকে একজন নোডাল অফিসার নিয়োগ করতে বলা হয়েছে যাঁর মূল কাজই হবে হাসপাতাল চত্বরকে জিকা ভাইরাস ছড়ানোর মূল উৎস এডিস মশা থেকে মুক্ত রাখা এবং বাধ্যতামূলক ভাবে প্রত্যেক আসন্ন প্রসবার জিকা স্ক্রিনিং করা । বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ডেঙ্গি, চিকুনগুনিয়ার মতো জি়কা ভাইরাসও ছড়ায় এডিস মশা । তবে শুধু এডিস নয়, জ়িকা ছড়াতে পারে আরও কয়েকটি মাধ্যমে । এর মধ্যে রক্ত সঞ্চালন এবং যৌন সংসর্গের বিষয় দু’টি খুবই কমন ।

চিকিৎসকরা জানাচ্ছেন, ডেঙ্গির মতো জিকারও কোনও সুনির্দিষ্ট চিকিৎসা নেই । চিকিৎসা হয় উপসর্গভিত্তিক । প্রতি পাঁচ জন জিকা সংক্রমিতের মধ্যে একজনের ক্ষেত্রে জ্বর, মাথাব্যথা, গাঁটে ব্যথা, চোখ লাল হওয়া এবং ত্বকে র‍্যাশের মতো উপসর্গ দেখা যায় । সে জন্যই জ়িকার উপসর্গ থাকুক বা না-থাকুক, গর্ভবতী মহিলাদের রক্ত বা মূত্রের আরটি-পিসিআর পরীক্ষা করে দেখে নিতে বলা হয়েছে । আর এখন উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এক রাজ্য থেকে অন্য রাজ্যে সংক্রমণ ছড়াতে সময় লাগে না বলেই বিষয়টি চিন্তার বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ।

ভেক্টর কন্ট্রোল থেকে শুরু করে পতঙ্গবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে কেন্দ্রীয় নির্দেশিকা মেনে । আবাসিক এলাকা-সহ স্কুল, অফিস, হাসপাতাল চত্বর, নির্মীয়মান বহুতলগুলিতে মশা দমনের কাজ চলছেই । আশা, জ়িকা নিয়ে এই বাড়তি সতর্কতার সুফল মিলবে ডেঙ্গি প্রতিরোধের ক্ষেত্রেও ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube