সানন্দা বসু
ফের পারিবারিক সমস্যা মেটাতে সালিশি সভার হস্তক্ষেপ । এবার ঘটনাস্থল হাওড়ার সাঁকরাইল । সালিশি সভা ডেকে ব্যবসায়ীকে মারধর, বাড়ি ভাঙচুর ও লুঠপাটের অভিযোগ উঠেছে তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে ।
মেয়ের বিয়েকে কেন্দ্র করে কান্দুয়ার ব্যবসায়ী সাহাবুদ্দিন সেপাই এবং তাঁর স্ত্রীর মধ্যে বিবাদ হয় । যার জেরে মেয়েকে নিয়ে স্ত্রী আলাদা থাকতে শুরু করেন । সেই পরিবারের সমস্যা মেটাতেই সালিশি সভা ডাকা হয় । অভিযোগ, সভার মাঝেই দলবল নিয়ে সাহাবুদ্দিনের ওপর চড়াও হন পাঁচলার জুজুরসাহা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান শেখ খলিল আহমেদ । তাঁর সঙ্গে প্রায় ১৫-২০ জন এসে সাহাবুদ্দিনকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে । কোনওভাবে পালিয়ে ভাইপোর বাড়িতে আশ্রয় নেন সাহাবুদ্দিন । এমনকী সেখানেও উপপ্রধানের প্রায় ১৫০ জন দলবল এসে রড, ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে ।
বাড়িতে তাণ্ডব চালানোর পাশাপাশি গাড়ি ভাঙচুর, আলমারি ভেঙে লুঠপাটও করা হয় বলে অভিযোগ উঠেছে । ব্যবসায়ীকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়েছে । তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল উপপ্রধান । যদিও এবারই প্রথম নয়, একাধিক বার বিভিন্ন ঘটনায় খলিলের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ উঠেছে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাঁকরাইল থানার পুলিশ । ইতিমধ্যে সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে । গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানা গিয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

