মুম্বই সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। সেইসঙ্গেই মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানেও যোগ দেবেন বলে জানা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য রাজনৈতিক দলের বড় বড় নেতারাও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
তৃণমূল সূত্রে খবর, ১১ জুলাই মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১২ তারিখ বেশ কিছু মিটিং রয়েছে তাঁর। ইন্ডিয়া জোটের শরিক মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করতে পারেন। ওইদিনই বিকেলে মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে পারেন তৃণমূল সুপ্রিমো।
রাজনৈতিক মহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুম্বই সফরকে বেশ তাৎপর্যপূর্ণ বলেও মনে করা হচ্ছে। কয়েকদিন আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মুম্বই সফরে উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করেছিলেন। এরপর মুখ্যমন্ত্রীর মুম্বই সফর ঘিরে নানা জল্পনা চলছে।
মুম্বইয়ের জিও সেন্টারে অনন্ত-রাধিকার বিয়ের আসর বসছে। বিনোদন জগতের তারকা ছাড়াও রাজনৈতিক দলের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। সূত্রে খবর, এনসিপি নেতা শরদ পাওয়ার থেকে শুরু করে উদ্ধব ঠাকরে সহ অনেকেই উপস্থিত থাকবেন। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী আমন্ত্রিত হলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি যেতে পারবেন না বলে জানা গিয়েছে। রাহুল গান্ধী থাকবেন কিনা সে বিষয়েও সন্দেহ রয়েছে। তবে মুকেশ আম্বানির ছেলের বিয়েতে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

