।। স্নেহা চক্রবর্তী ।।
দীর্ঘ অপেক্ষার পর শুরু হয়েছে বৃষ্টি। তবে এই বর্ষাতেই নানা বিষধর পোকামাকড়ের উৎপাত যে হয়, তা সকলেরই জানা। সেই ছবিই এবার ধরা পড়ছে একাধিক জায়গায়। একদিকে বাঁকুড়ার তালডাংরা গ্রামীন হাসপাতালে বেশ কয়েকদিন ধরে ইন্ডোর ও আউটডোরের বিভিন্ন জায়গায় দেখা মিলছে বিষাক্ত সাপের। ঘটনায় আতঙ্কে রয়েছেন হাসপাতালে ভর্তি থাকা রোগী সহ আত্মীয়দের পাশাপাশি স্বাস্থ্য কর্মীরাও।
গ্রামীন এলাকা, শারীরিক সুস্থতার আশায় প্রায় সকলেই ছুটে আসেন এই হাসপাতালে। অথচ, অভিযোগ, হাসপাতাল চত্বর ঝোপঝাড় আগাছায় ভর্তি হয়ে জঙ্গলে পরিণত হয়েছে। পরিষ্কার না থাকার ফলে হাসপাতাল চত্বরই এখন সাপের উপযুক্ত থাকার পরিবেশ হয়ে দাঁড়িয়েছে। কখনও হাসপাতালে ভর্তি থাকা রোগীর পাশে আবার কখনও ইসিজি রুমে আবার ইমারজেন্সি রুমেও বেশ কিছুদিন ধরে নানান প্রজাতির বিষাক্ত সাপ ঢুকে যাচ্ছে। যেকোনও সময় সাপের কামড়ে ঘটে যেতে পারে বড়সড় বিপদ। তবে, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে দাবি ব্লক স্বাস্থ্য আধিকারিকের।
অন্যদিকে মালদহের স্কুলেও সাপের ডেরা। ছবি মালদহের গার্লস হাইস্কুলের। স্কুলের বিভিন্ন ঘর থেকে একের পর এক সাপের হদিশ। স্কুল চত্বরে নৈশ প্রহরীর ঘর থেকেও উদ্ধার হয়েছে সাপ। জানা গিয়েছে, প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরের এই স্কুলে প্রায় দেড় হাজারেরও বেশি ছাত্রী রয়েছে। স্কুলের ক্লাস চলাকালীন সাপের উৎপাতে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ছাত্রী থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। উদ্বিগ্ন অভিভাবক থেকে এলাকাবাসীরা। অভিযোগ স্কুলে ঝোপঝাড় ও অপরিচ্ছন্ন পরিবেশ। যার জন্যই সাপের ডেরা তৈরি হয়েছে স্কুল চত্বরে। অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয়েছে অভিভাবকদের তরফে।
নির্বিচারে জঙ্গল সাফ করা হচ্ছে। সাপ থেকে বিভিন্ন পোকামাকড়, পশুপাখিরা নিজেদের বাসস্থান হারাচ্ছে। তাই কখনও হাসপাতাল আবার কখনও স্কুলে দেখা মিলছে তাদের। তাহলে সাপেদের এরকম লোকালয়ে প্রবেশের জন্য দায়ী কি নির্বিচারে জঙ্গল সাফ? সে কারণেই কি নিরাপত্তার অভাবে ভুগছেন হাসপাতালের রোগী, স্কুলের পড়ুয়ারা? উঠছে একাধিক প্রশ্ন। তবে সব মিলিয়ে আতঙ্কের পরিবেশ দুই জেলায়।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

