কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছিল লেডিজ স্পেশাল ট্রেন বা মহিলা কামরায় কোনও পুরুষযাত্রী যাতায়াত করলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। এরপরই মহিলা যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই আরও কঠোর হল আরপিএফ। এবার থেকে মহিলা কামরায় উঠতে পারবেন না পুরুষ জওয়ানরাও।
অনেক সময়েই দেখা যায় আরপিএফ বা জিআরপি কর্মীরা মহিলা কামরায় যাতায়াত করেন। আরপিএফ সূত্রে খবর, এই কর্মীদের বিরুদ্ধেই এবার কড়া ব্যবস্থা নেওয়া হবে। জিআরপি-কে চিঠি পাঠিয়ে এই বিষয়ে সতর্ক করা হবে। জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস- মাত্র ছয় মাসেই মহিলা কামরায় যাতায়াতের অভিযোগে কেবল শিয়ালদহ থেকেই তিন হাজারের বেশি যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।
লোকাল ট্রেনের মহিলা কামড়া বা লেডিস স্পেশাল ট্রেনে বহু পুরুষযাত্রী নিত্য যাতায়াত করেন, এরফলে বহু মহিলা যাত্রীদের সমস্যার মুখে পড়তে হয়। মহিলাদের অভিযোগ, অনেক পুরুষযাত্রী তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এই অভিযোগ জানিয়ে একাধিকবার রেলকে চিঠি দিয়েছিলেন এক আইনজীবী। কিন্তু সদুত্তর পাননি। অবশেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।
গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। জানা যায়, রেলকে পাঠানো আবেদনে উল্লেখ করা হয়েছিল, ট্রেনের সংরক্ষিত কামরায় টিকিট ছাড়া অবাঞ্ছিত যাত্রীদের দাপটে সংরক্ষিত টিকিট নেওয়া যাত্রীদের যাতায়াতে অসুবিধা হয়। ১৯৮৯ সালের রেলওয়ে আইনের ১৬২ ধারা ভঙ্গ হচ্ছে, আবেদনে এই বিশেষ ধারার কথাও উল্লেখ করেছিলেন মামলাকারী।
মহিলাদের জন্য সংরক্ষিত ট্রেন বা ট্রেনের কামড়ায় পুরুষদের যাতায়াত নিয়ে রেলকে সতর্ক করে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। রেলের নিরাপত্তাকর্মীদের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম অমান্য করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এবার মহিলা যাত্রীদের নিরাপত্তা আরও বাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

