নজফগড়ে দিল্লি পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন উত্তরপ্রদেশের হাথরসে পদপিষ্টের ঘটনায় মূল অভিযুক্ত দেবপ্রকাশ মধুকর । দিল্লি পুলিশ সূত্রে খবর, শনিবার আত্মসমর্পণ করেছেন হাথরসকাণ্ডের মূল অভিযুক্ত । তাঁকে ইতিমধ্যেই উত্তরপ্রদেশ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।
গত মঙ্গলবার পদপিষ্টের ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন মধুকর । উত্তরপ্রদেশ পুলিশ বেশ কয়েকটি দল গঠন করে মধুকরের তল্লাশি চালাচ্ছিল । রাজস্থান, দিল্লি এবং হরিয়ানায় পালিয়ে যাওয়ার আশঙ্কায় ওই তিন জায়গার পুলিশের সঙ্গেও যোগাযোগ রাখছিল উত্তরপ্রদেশ পুলিশ । মধুকরের খোঁজে উত্তরপ্রদেশ পুলিশ যখন তল্লাশি আরও জোরদার করে, তখন ঘটনার চার দিন পর দিল্লিতে আত্মসমর্পণ করেন মধুকর ।
জানা যায়, এই মধুকরই ধর্মগুরু নারায়ণ সাকার হরি ওরফে ভোলে বাবার ঘনিষ্ঠ । হাথরসে ‘সৎসঙ্গে’র আয়োজনের মূল দায়িত্বে ছিলেন মধুকর । তাঁর বিরুদ্ধে এফআইআর দায়েরও হয় । কিন্তু ঘটনার পর পরই গা ঢাকা দেন তিনি । তাঁর খোঁজে এক লক্ষ টাকা আর্থিক পুরস্কারও ঘোষণা করে উত্তরপ্রদেশ পুলিশ । কিন্তু মধুকরের নাগাল পাওয়া যাচ্ছিল না ।
তবে পুলিশের সন্দেহ ছিল এই কাণ্ডের মূল অভিযুক্ত পার্শ্ববর্তী কোনও রাজ্যে আত্মগোপন করে আছে । দিল্লি, হরিয়ানা এবং রাজস্থানে যখন মধুকরের খোঁজে তল্লাশি জোরদার করা হয়, সেই সময় দিল্লির নজফগড়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

