নির্বাচনে ভরাডুবি: কনজার্ভেটিভ পার্টির নেতৃত্ব ছাড়ছেন সুনাক

ব্রিটেনে পালাবদল। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে বিদায়ী ভাষণে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দাবি, দল নতুন নেতা পেয়ে গেলেই তিনি কনজার্ভেটিভ পার্টির নেতৃত্ব থেকে পদত্যাগ করবেন। ব্রিটেনের সাধারণ নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পাশাপাশি, নিজের দল কনজার্ভেটিভ পার্টির নেতৃত্বও ছেড়ে দিচ্ছেন ঋষি সুনাক।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটে বিদায়ী ভাষণে সুনাক বলেন, ভোটারদের ক্ষোভ, হতাশা এবং পরিবর্তনের আকাঙ্খা তিনি উপলব্ধি করতে পেরেছেন. তাঁর দল নতুন নেতা পেয়ে গেলেই তিনি পদত্যাগ করবেন। সেই সঙ্গে সুনাক আরও বলেন, ‘আমি টোরি (কনজার্ভেটিভ) নেতার পদ থেকে পদত্যাগ করব।’ তবে সেটা এখনই নয়। দলে যখন উত্তরসূরি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে, তারপরই তিনি সরে দাঁড়াবেন। ১৪ বছর সরকারে থাকার পর কনজার্ভেটিভ পার্টির পুনর্গঠন এবং পুনরায় মূল্যায়ন হওয়াটা খুব গুরুত্বপূর্ণ. তবে তারা যথেষ্ট পেশাদারিত্ব এবং কৃতিত্বের সঙ্গে বিরোধী দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেটিও কম কিছু নয়, মন্তব্য ঋষি সুনাকের।

সেই সঙ্গে তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী হিসাবে আমার সবটা দিয়েছি। কিন্তু আপনারা পরিষ্কার বার্তা পাঠিয়েছেন যে, ব্রিটেনে সরকার পরিবর্তন হওয়া দরকার। আর কেবল আপনাদের বিচারই শেষ কথা, আসল কথা’। প্রধানমন্ত্রী থাকাকালীন পরিবারের কাছ থেকে যে সমর্থন এবং সহযোগিতা পেয়েছেন, তারজন্য ধন্যবাদ জানান সুনাক। প্রধানমন্ত্রী হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল দেশের অর্থনীতিকে স্থিতিশীল করা. সেকথা উল্লেখ করে ঋষি সুনাক বলেন, তাঁর প্রধান কাজ ছিল মূদ্রাস্ফীতিকে সরকারের নির্ধারিত লক্ষ্য মাত্রায় নিয়ে আসা। সেটা তিনি করতে পেরেছেন। মর্টগেজের হার কমেছে। প্রবৃদ্ধিও ফিরে এসেছে। নিজের বিদায়ী ভাষণে ভাবী প্রধানমন্ত্রী তথা লেবার নেতা কিয়ার স্টারমারেরও ভূয়সী প্রশংসা করেছেন সুনাক।

তিনি বলেন, ‘লেবার পার্টি প্রতিপক্ষ হিসাবে নির্বাচনে দাঁড়িয়েছে. কিন্তু দলের নেতা স্টারমার একজন ভদ্র, জনহিতৈষী মানুষ. আমি তাঁকে সম্মান করি। তাঁর জয়ের জন্য আবারও অভিনন্দন জানাচ্ছি’। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ৬৫০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল কমপক্ষে ৩২৬টি আসন. সেখানে ৪১০টি জিতে, এবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গড়তে চলেছে স্টারমার নেতৃত্বাধীন লেবার পার্টি।

এদিন সুনাক বলেন, টোরিকে এখন দল পুনর্গঠন করে বিরোধীদলের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। ভাষণ শেষেই গাড়িতে করে ডাউনিং স্ট্রিট ছাড়েন তিনি। এসময় ব্রিটেনকে বিশ্বের সবচেয়ে সেরা দেশ বলে মন্তব্য করেন সুনাক। এরপর রাজার কাছে পদত্যাগপত্র দিতে, তাঁর বাকিংহাম প্যালেসে যাওয়ার কথা। সেখানেই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন সুনাক। প্রথা অনুযায়ী এবার নির্বাচনে জয়ী লেবার নেতা কিয়ার স্টারমারের সঙ্গে রাজা দেখা করবেন। সেখানে তাঁকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদে নিয়োগ এবং সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন রাজা। তারপরই কিয়ার স্টারমার ডাউনিং স্ট্রিটের বাইরে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে ভাষণ দেবেন এবং ডাউনিং স্ট্রিটে প্রবেশ করবেন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube