।। সানন্দা বসু ।।
বীরভূমের বোলপুর থানার রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের রজতপুর গ্রামে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে মা ও ছেলের। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাবা। বৃহস্পতিবার রাতে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের তিনজনকে পুড়িয়ে মারতে ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
সূত্রের খবর অনুযায়ী, বছর ৩৮ এর শেখ তুতা ও তাঁর স্ত্রী রুপা বিবি (৩০) এবং চার বছরের ছোট ছেলে আয়ান শেখকে নিয়ে একতলা বাড়িতে ঘুমোচ্ছিলেন। খোলা ছিল ঘরের জানলা। অভিযোগ, গভীর রাতে কেউ বা কারা জানলা দিয়ে ঘরের মধ্যে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। তাঁদের চিৎকার শুনে পাশের ঘরে শুয়ে থাকা বড় ছেলে শেখ রাজের ঘুম ভেঙে যায়। তাঁর চেঁচামেচিতে ছুটে আসেন গ্রামের লোকজন। ততক্ষণে তিনজনেই আগুনে ঝলসে গেছেন। গুরুতর জখম অবস্থায় তিনজনকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালে পৌঁছনোর পর প্রথমে ছোট ছেলে আয়ানের মৃত্যু ঘটে। ঠিক তার কিছুক্ষণ পরেই মা রুপা বিবির মৃত্যু হয়।
হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন শেখ তুতা। গভীর রাতেই ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানার পুলিশ। এই মর্মান্তিক ঘটনার ফলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। ঘটনার তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ। এই নৃশংস ঘটনায় গ্রামের মানুষ ভীত ও উদ্বিগ্ন। ঘটনার প্রকৃত কারণ ও দোষীদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। বোলপুরের এই ঘটনা ২০২২ সালের বগটুই ঘটনার স্মৃতিকে আবারও উস্কে দিয়েছে, যেখানে একইভাবে আগুনে পুড়ে মারা গিয়েছিল ১০ জন। বোলপুরের এই নৃশংস ঘটনায় পুনরায় সেই ভয়ঙ্কর স্মৃতি ফিরে এল।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

