যাঁরা দেশ-বিদেশের রাজনীতি নিয়ে ওয়াকিবহাল থাকেন, তাদের জন্য ব্রিটেনে নির্বাচনের দিনটি কাটে অত্যন্ত হতাশায়। কারণ ওইদিন ব্রিটেনের টিভি-রেডিও সম্প্রচার থেকে শুরু করে ডিজিটাল মিডিয়া, রাজনীতি নিয়ে কোথাও কোনও আলোচনা বা সংবাদ পরিবেশন হয় না।
ব্রিটেনে সাধারণ নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ থাকলেও, সেদিন বহু মানুষ কিন্তু বিবিসি অথবা রয়টার্স সহ সেদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে চোখ রেখে হতাশ হয়েছেন। কারণ ভোট চলার সময় নির্বাচন নিয়ে কোনও সংবাদই প্রচার করা হয়নি ব্রিটিশ সংবাদমাধ্যমে।
কেন এমনটা হয়? কারণ ভোট চলার সময় নির্বাচন কেন্দ্রীক কোনও ধরনের সংবাদ প্রচারে কঠোর বিধিনিষেধ রয়েছে ব্রিটেনে। ভোটকেন্দ্রগুলো বন্ধ না হওয়া পর্যন্ত, ব্রিটেনে অনুমোদিত সব সংবাদমাধ্যমকে নির্বাচনী প্রচার, জনমত সমীক্ষা, এমনকি প্রার্থীদের নিয়ে কোনো খবরই প্রকাশ করা নিষিদ্ধ।
মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্য অনেক দেশের চেয়ে ব্রিটেনে এই বিধিনিষেধ বেশ কঠোরভাবে পালন করা হয়। কারণ ব্রিটেনে ভোটারদের কাছে টানতে, ভোটের দিনেও প্রার্থীরা প্রচারে ব্যস্ত থাকেন। এদিকে ভোটের দিন সংবাদমাধ্যমের ওপর বিধিনিষেধ কার্যকরের বিষয়টি দেখভাল করে, ব্রিটেনের অফিস অফ কমিউনিকেশনস বা অফকম।
রাজনৈতিক সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা বজায় রাখতে এবং ভোটের সময় যাতে সংবাদমাধ্যম ভোটারদের সিদ্ধান্ত গ্রহণে কোনও ভাবেই প্রভাব বিস্তার না করতে পারে, সেটা নিশ্চিত করতেই এইসব বিধিনিষেধ তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাই ভোটের দিন ব্রিটেনের টিভি-রেডিও সম্প্রচার বা ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে রাজনীতি নিয়ে সাংবাদিক বা বিশেষজ্ঞদের কোনো কথা বলতেই শোনা যায় না। কিন্তু স্থানীয় সময় রাত ১০টার পর, যখন সব ভোটকেন্দ্র বন্ধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে বদলে যায় সংবাদমাধ্যমের ছবিটা। নির্বাচনের যাবতীয় খবর পরিবেশনে, তখন থেকেই শুরু হয় ব্রিটেনের সংবাদমাধ্যমগুলোর রুদ্ধশ্বাস ব্যস্ততা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

