ব্রিটেনে এবার মন্ত্রী হচ্ছেন বঙ্গবন্ধুর নাতনি?

উত্তর-পশ্চিম লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনে টানা চতুর্থবারের জয়লাভ করলেন টিউলিপ সিদ্দিক। কে ইনি? বাংলাদেশের জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি। কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামসকে হারিয়েছেন প্রায় ১৫ হাজার ভোটে। বৃহস্পতিবার দিনভর ভোট গ্রহণের পর, গভীর রাত থেকেই শুরু হয় ফলপ্রকাশ। তাতে দেখা যায়, লেবার পার্টির প্রার্থী টিউলিপ ২৩ হাজার ৪৩২ ভোট ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ডন উইলিয়ামস পেয়েছেন ৮ হাজার ৪৬২ ভোট এবং গ্রিন দলের লরা রাসেল পেয়েছেন ৬ হাজার ৫৩০ ভোট।

২০১৯ সালের সাধারণ নির্বাচনের সঙ্গে তুলনা করে সংবাদ সংস্থার দাবি, হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনে লেবার পার্টির ভোট বেড়েছে ০.৭ শতাংশ। অন্যদিকে কনজারভেটিভ পার্টি হারিয়েছে ৫.৮ শতাংশ ভোট। গতবারের তুলনায় এই কেন্দ্রে সবচেয়ে বেশি ভোট বেড়েছে গ্রিন পার্টির – ১০ শতাংশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ। প্রথমবার ২০১৫ সালের সাধারণ নির্বাচনে লেবার পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। পরেরবার ২০১৭ সালের নির্বাচনে তিনি পুনরায় নির্বাচিত হন। এরপর নির্ধারিত সময়ের তিন বছর আগে, ২০১৯ সালের শেষ দিকে ব্রিটেনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেবারও কনজারভেটিভ পার্টির জনি লুককে ১৪ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারান বঙ্গবন্ধুর নাতনি। এর আগে ব্রিটিশ পার্লামেন্টে বিরোধী দল লেবার পার্টির এমপি হিসাবেও বিভিন্ন দায়িত্ব পালন করা টিউলিপ এবার লেবার সরকারের মন্ত্রী হতে পারেন বলেও জোর জল্পনা রাজনৈতিক মহলে।

বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা ও শফিক সিদ্দিকীর মেয়ে টিউলিপ লন্ডনের মিচামে জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব কেটেছে বাংলাদেশ, ভারত এবং সিঙ্গাপুরে। লন্ডনের কিংস কলেজ থেকে পলিটিক্স, পলিসি ও গভর্মেন্ট বিষয়ে তাঁর স্নাতকোত্তর ডিগ্রির অধিকারী। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গ্রেটার লন্ডন এবং সেইভ দ্য চিলড্রেনের সঙ্গে কাজ করেন টিউলিপ। মাত্র ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হন তিনি। প্রসঙ্গত, ২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট নেতা বারাক ওবামার প্রচারেও অংশ নিয়েছিলেন টিউলিপ।
২০১০ সালে ক্যামডেন কাউন্সিলে প্রথম বাঙালি মহিলা কাউন্সিলর নির্বাচিত হন টিউলিপ। ২০১৩ সালের জুলাইয়ে স্থানীয় নেতাদের ভোটাভুটির ভিত্তিতে, তৎকালীন হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে লেবার পার্টির হয়ে স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার টিকেট পান টিউলিপ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube