জনমত সমীক্ষার ফলই সত্যি হল। ১৪ বছরের টোরি শাসনের অবসান ঘটিয়ে, ব্রিটেনে সাধারণ নির্বাচনে বিপুল বিজয় পেল কিয়ার স্টারমারের লেবার পার্টি। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ বা লোয়ার হাউস অর্থাত হাউস অব কমন্সের ৬৫০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন কমপক্ষে ৩২৬টি আসন। সেখানে ৬৩৮টি আসনের ঘোষিত আসনের ফলাফলের মধ্যে ৪১০টি আসন জিতে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে, মধ্য বামপন্থি দল লেবার পার্টি সরকার গঠন করতে চলেছে।
ভোটের প্রচারে পরিবর্তনের ডাক দেওয়া ৬১ বছরের কিয়ার স্টারমার বিপুল বিজয়ের পর ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, ব্রিটেনে ‘পরিবর্তনের সূচনা’ হল। নিজের কেন্দ্র সেন্ট্রাল লন্ডনে ভোটারদের সামনে হাজির হয়ে স্টারমার বলেন, ‘আপনাদের আন্তরিক ধন্যবাদ। আপনারা আমাদের দেশকে বদলে দিয়েছেন’। ব্রিটিশ পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার বিষয়টি উল্লেখ করে লেবার নেতা বলেন, জনগণের এই বিপুল ম্যান্ডেটের সঙ্গে বিরাট এক দায়িত্বও তাঁদের ওপর অর্পণ করা হয়েছে। তাঁর দাবি, ‘রাজনীতিকে আমাদের আবার ফিরিয়ে নিয়ে যেতে হবে জনগণের সেবায়। আমাদের সরকার দেখাবে, আমরা সকলের মঙ্গলের জন্যই কাজ করছি’।
২০১০ সাল থেকে ক্ষমতায় থাকা রক্ষণশীলদের যে এবার ভরাডুবি হচ্ছেই, সেই অদৃশ্য দেওয়াল লিখন যেন পড়ে ফেলেছিল ব্রিটিশ জনতা। সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনে ৬৩৮টি আসনের ঘোষিত ফলাফলের মধ্যে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি জয় পেয়েছে মাত্র ১১৭টি আসনে। অর্থাৎ, প্রায় আড়াইশো আসন হাতছাড়া হয়েছে কনজারভেটিভ পার্টি।
এবারের নির্বাচনের যে লেবার জোয়ার দেখা যাবে, সেই পূর্বাভাস ভোটের আগেই মেনে নিয়েছিলেন সবচেয়ে কম বয়সে ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হওয়া ঋষি সুনাক। নিজের দলের বড় হারের পর, তিনি সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। নিজের আসন রিচমন্ডে জয় পাওয়া টোরি নেতা বলেন, ‘এবারের এই সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে লেবার পার্টি। স্যার কিয়ার স্টারমারকে ফোন করে আমি অভিনন্দন জানিয়েছি’। গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে কনজারভেটিভ পার্টি দেশের মধ্যে স্থিতিশীলতা বজায় রাখবে বলেই জানিয়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী। নিজের ভাষণে তিনি বলেন, ‘ব্রিটিশ জনগণ যে রায় দিয়েছেন, সেটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এই পরাজয়ের দায় আমি নিজের কাঁধে নিচ্ছি’।
ব্রিটেনে আরও একটি বড় রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টিও এবার ভালো ফল করেছে। এড ডেভির নেতৃত্বাধীন এই দল এবার ৭০ আসনে জয়ী হয়েছে। অর্থাৎ গতবারের চেয়ে এবার তারা ৬২টি আসন বেশি পেয়েছে। তবে জন সুইনির দল স্কটিশ ন্যাশনাল পার্টি ৩৮টি আসন হারিয়ে, জয় পেয়েছে মাত্র আটটি আসনে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

