এক মাস পেরিয়ে গেলেও এখনও শপথ জট কাটেনি। বিধানসভা-রাজভবনের চিঠির আদান প্রদানের পরও সুরাহা হয়নি। এরইমধ্যে শুক্রবার বিশেষ অধিবেশন হতে চলেছে বিধানসভায়। আগামীকাল আলোচনা হতে পারে শপথ জট নিয়ে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বিশেষ অধিবেশনের কথা জানান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
স্পিকার জানিয়েছেন, শুক্রবার বেলা ১২ টায় বিএ কমিটির বৈঠক হবে। রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে, আগামীকালই দুই জয়ী প্রার্থীকে শপথবাক্য পাঠ করাতে পারেন স্পিকার, যদিও এখনও কিছু নিশ্চিত নয়। গত ৪ জুন বরানগর ও ভগবানগোলা উপনির্বাচনের ফলপ্রকাশ হয়েছে। দুই কেন্দ্রেই জয়ে পেয়েছেন তৃণমূল। তারপর থেকেই শুরু হয়েছে শপথ জট। একদিকে তৃণমূলের দুই জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (বরাহনগর) এবং রেয়াত হোসেন সরকার (ভগবানগোলা) বিধানসভায় শপথ নিতে অনড়। অন্যদিকে রাজভবনের তরফে চিঠি দিয়ে দুই বিধায়ককে ডেকে পাঠানো হয়েছে। বিধানসভায় ধর্নায় বসেছেন তৃণমূলের দুই জয়ী প্রার্থী।
দলের দুই বিধায়কের শপথ জট নিয়ে কথা বলতে গিয়ে রাজ্যপালকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘ওনার রাজভবনে কেন সবাই যাবেন? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে, মেয়েরা যেতে ভয় পাচ্ছে। আমাকে অভিযোগ করেছে।‘ সম্প্রতি দলীয় বিধায়কদের শপথ জট নিয়ে কথা বলতে গিয়ে রাজ্যপাল-রাজভবনকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো।
এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানির মামলা দায়ের করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও এই মামলায় হাইকোর্টে ‘হোঁচট’ খেয়েছেন তিনি। পদ্ধতিগত ত্রুটির কারণে পুনরায় মামলা দায়েরের পরামর্শ দিয়েছিলেন বিচারপতি। এসবের মধ্যেই আগামীকাল বিশেষ অধিবেশনের পর শপথ জট বিতর্কে নতুন মোড় আসে কি না তা নিয়ে কৌতূহল বাড়ছে রাজনৈতিক মহলে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

