আগামী সপ্তাহে রাজ্যের চারটি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। আইনি জট কাটিয়ে ভোটের আবহ মানিকতলায়। বৃহস্পতিবার তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডের হয়ে প্রচারে আসেন অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরত জাহান। গত লোকসভা নির্বাচনে তাঁকে টিকিট দেয়নি শাসক দল, সেই থেকেই শুরু হয়েছিল নানা জল্পনা। অবশেষে বেশ কয়েকমাস পর তৃণমূলের কর্মসূচিতে দেখা গেল প্রাক্তন সাংসদকে।
উপনির্বাচন যত এগিয়ে আসছে ততই উঠছে প্রচারের ঝড়। বৃহস্পতিবার সকালে মানিকতলার তৃণমূল প্রার্থী প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডের সমর্থনে ভোট প্রচারে আসেন নুসরত জাহান। হুড খোলা গাড়িতে রোড শো করে নুসরতকে সাথে নিয়েই প্রচার সারেন সুপ্তি পাণ্ডে। এদিন বেঙ্গল কেমিক্যাল থেকে মিছিল শুরু হয়ে কাঁকুড়গাছি থেকে ফুলবাগানের দিকে যায়। আগামী ১০ জুলাই এই আসনে ভোটগ্রহণ। মানিকতলার বিধায়ক সাধন পাণ্ডের প্রয়াণের পর আইনি জটিলতার কারণে উপনির্বাচন সম্ভব হয়নি। সেই জটিলতা কাটলে প্রায় দু’বছর পর উপনির্বাচন হতে চলেছে।
২০১৯ সালে বসিরহাট কেন্দ্র থেকে জিতেছিলেন অভিনেত্রী নুসরত জাহান। কিন্তু গত পাঁচ বছরের সময়কালে তাঁকে ঘিরে একাধিক বিতর্ক হয়েছে। চলতি বছরের শুরু থেকে যখন সন্দেশখালিকাণ্ডে গোটা রাজ্যে তোলপাড় পড়ে গিয়েছিল, স্থানীয়দের অভিযোগ ছিল, একবারের জন্যও সাংসদের দেখা মেলেনি। প্রসঙ্গত, বসিরহাট লোকসভার অন্তর্গত সন্দেশখালি। এরপর ২৪-এর নির্বাচনে তাঁকে আর টিকিট দেয়নি তৃণমূল। সাত দফার নির্বাচনের প্রচারেও দেখা যায়নি নুসরতকে। জল্পনা শুরু হয়েছিল, দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন তিনি। তবে উপনির্বাচনের প্রচারে তাঁকে দেখা যেতেই নতুন করে আলোচনা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, বিতর্কের রেশ কাটিয়ে ফের দলের হয়ে সক্রিয় ভূমিকায় মাঠে নামতে চাইছেন নুসরত জাহান।
এদিন প্রচারের মাঝেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নুসরত বলেন, ‘বাংলার মানুষের সমর্থন ও ভালোবাসা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি যেভাবে বাংলার মানুষের মন জয় করেছেন, যেভাবে বাংলার মানুষের জন্য লড়াই করেছেন, লড়াই চালিয়ে যাচ্ছেন তা প্রশংসনীয়। লোকসভার নির্বাচনে মানুষও বুঝিয়ে দিয়েছে।‘ পাশাপাশি মানিকতলা উপনির্বাচনে তৃণমূলের জয় নিয়ে আশাবাদী নুসরত জাহান।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

