নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারির পর উদ্ধার হয় টাকার পাহাড়। পেশায় মডেল-অভিনেত্রী অর্পিতার দু’টি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে উদ্ধার বিপুল টাকার উৎস ঘিরে বিস্তর জলঘোলা হয়েছে। এবার এই প্রশ্নের উত্তর খুঁজতে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় আয়কর দফতর। ইতিমধ্যেই বিশেষ ইডি আদালতে আবেদন জানানো হয়েছে বলেও খবর।
নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের স্বার্থে ২০২২ সালের জুলাই মাসে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। দীর্ঘ ২৩ ঘণ্টার তল্লাশির পর তাঁকে গ্রেফতার করে ইডি। প্রাক্তন মন্ত্রীর সূত্র ধরেই গ্রেফতার হন মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়, যিনি পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ হিসেবেও পরিচিত। বিভিন্ন অনুষ্ঠানে দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছে। এরপর অর্পিতার দু’টি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে কয়েক কোটি নগদ টাকা উদ্ধার করে তদন্তকারীরা। এনিয়ে অর্পিতা বারবার দাবি করেছেন, সমস্ত টাকা পার্থ চট্টোপাধ্যায়ের, এই টাকার সঙ্গে তাঁর কোনও যোগ নেই।
নিয়োগ দুর্নীতি মামলায় একজন মন্ত্রী ঘনিষ্ঠর বাড়ি থেকে উদ্ধার হওয়া ‘টাকার পাহাড়’ রাজ্য-রাজনীতিতে শোরগোল সৃষ্টি করে দেয়। তৃণমূলের বিরুদ্ধে সরব হয় বিরোধীরা। দুর্নীতি ইস্যুতে কার্যত কোণঠাসা হয়ে গিয়েছিল শাসক দল। গ্রেফতারির কয়েকদিনের মধ্যেই দলের সমস্ত পদ থেকে অব্যাহতি দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। পার্থ ও অর্পিতা দুজনেই জেলবন্দী। বর্তমানে আলিপুর সংশোধনাগারে রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। আয়কর দফতরের আধিকারিকরা সেখানে গিয়েই জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানা গিয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

