পঞ্চায়েতে আরাবুলের ঘর দখল!

নিউজটাইম ওয়েবডেস্ক : সানন্দা বসু

আরাবুলের ঘর দখল! ১৬ বছর পর ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে গৃহহীন আরাবুল ইসলাম । জানা যায়, ১১ বছর পর ভাঙড় ২ পঞ্চায়েত সমিতি থেকে সরানো হল আরাবুলের নেমপ্লেট! সভাপতির ঘরে এখন সহ-সভাপতি ও শওকত মোল্লা ঘনিষ্ঠ খাইরুল ইসলাম ।

২০০৮ সালে ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠন করে তৃণমূল । সভাপতি হন আমিনা বেগম বিশ্বাস । আরাবুল তখন বিধায়ক । বিধায়ক হওয়ায় পঞ্চায়েত সমিতিতে ছিল তাঁর বসার ঘর । বিধায়ক পদ খুইয়ে ২০১৩ সালে ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হন আরাবুল । পাকাপাকি ভাবে নেমপ্লেট দিয়ে আরাবুলের নামে আধুনিক মানের ঘর তৈরি হয় । জানা যায়, ওই ঘর আরাবুলের দখলে ছিল ২০২৪ সালের ৯ জুন পর্যন্ত ।

২০১৮ সালে ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি হলেও নিজের ঘর ছাড়েননি তিনি । ২০২৩ সালে আবার সভাপতি হন আরাবুল । ঘর সেই একই রেখে দিয়েছিলেন । ক্ষমতায় থাকার পরও সেই ঘর থেকেই সরলো আরাবুলের নেমপ্লেট । প্রশ্ন ভাঙড়ে কি তাহলে আরাবুলের রাজনৈতিক জীবনের সমাপ্তি?

প্রায় পাঁচ মাস জেলবন্দি থাকার পর অবশেষে জামিন পেলেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম । আরাবুল ভাঙড়ে পৌঁছনোর আগেই পঞ্চায়েত সমিতি থেকে খুলে নেওয়া হল আরাবুল ইসলামের নেমপ্লেট । সহ-সভাপতিকে পঞ্চায়েত সমিতির চার্জ দেওয়ায় সহ-সভাপতি সোনালি বাছাড় বসলেন আরাবুলের চেয়ারে । আর তাঁর পাশে বসে পঞ্চায়েত সমিতি পরিচালনা করলেন আরাবুল বিরোধী খাইরুল ইসলাম ।

অভিযোগ ওঠে, এই খাইরুলকে খুন করার ছক কষেছিলেন আরাবুল ইসলাম, যা নিয়ে জনসমক্ষে সরব হয়েছিলেন তৃণমূল নেতা শওকত মোল্লা । আরাবুলের বিরুদ্ধে খুন-সহ ৯টি মামলা রুজু হয় । এবছর ৮ ফেব্রুয়ারি আরাবুল ইসলামকে গ্রেফতার করে উত্তর কাশীপুর থানার পুলিশ । তারপর পোলেরহাট, ভাঙড় থানা এলাকায় বেশ কয়েকটি ঘটনায় যুক্ত থাকার অভিযোগে নাম জড়ায় আরাবুলের । তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার নিজেদের হেফাজতে নেয় পুলিশ ।

এরপর পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন আরাবুল । এমনকি তাঁর স্ত্রী জাহানারা বিবিও আরাবুলের বিরুদ্ধে কী কী মামলা রয়েছে তা জানতে চেয়ে হাইকোর্টে মামলা করেন । জামিন পাওয়ার পর আজ, বুধবারই জেল থেকে ফেরার সম্ভাবনা ভাঙড়ের নেতার । ভাঙড়ের জমি কি পুনর্দখল করতে পারবে আরাবুল,এখন সেই প্রশ্ন ভাঙড় জুড়ে!

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube