জামাইকাতে হারিকেন বেরিলের তাণ্ডব! নিহত ৯, নিখোঁজ অসংখ্য

নিউজটাইম ওয়েবডেস্ক : দেবরাজ বন্দ্যোপাধ্যায়

দক্ষিণ ক্যারিবিয়ন দ্বীপে তাণ্ডব চালিয়ে, হারিকেন বেরিল এখন অগ্রসর হয়েছে জ্যামাইকার দিকে । পূর্ব সতর্কতায় সেখানে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ । পূর্বাভাস মতোই প্রচণ্ড শক্তি নিয়ে দক্ষিণ ক্যারিবিয়ন উপকূলের উপর দিয়ে বয়ে গেছে হারিকেন বেরিল । দুর্যোগের তাণ্ডবে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর মিলেছে । সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনসের ইউনিয়ন দ্বীপে চার ক্যাটাগরির হারিকেন হিসেবে আঘাত হানে বেরিল । প্রবল ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে দ্বীপটি ।

সংবাদ সংস্থা জানিয়েছে, ক্যারিবিয়ন দ্বীপে তাণ্ডব চালিয়ে হারিকেন বেরিল ক্রমশ অগ্রসর হয়েছে জ্যামাইকার দিকে । মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, বৃহস্পতিবার জামাইকা এবং কেম্যান দ্বীপের ওপর দিয়ে বয়ে যেতে পারে এই প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় । আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে জামাইকার প্রশাসন এরই মধ্যে স্থানীয় সময় সকাল ও সন্ধ্যায় কার্ফু জারি করেছে । মানুষজনকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন খোদ জামাইকার প্রধানমন্ত্রী ।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো
মঙ্গলবার সকালে হারিকেন বেরিল প্রথমে ক্যারিবিয়ন দ্বীপপুঞ্জের গ্রানাডায় আঘাত হানে । দুর্যোগে মৃত্যু হয় চার জনের । চার ক্যাটাগরির এই ঘূণিঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ২৪০ কিলোমিটার । এছাড়া, পূর্ব ক্যারিবীয় দ্বীপ সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইনস-এ ঝড়ো হাওয়া ও বন্যায় নিহত হয়েছেন দু’জন । একই সঙ্গে উত্তর ভেনেজুয়েলায় নিহত হয়েছে চারজন । নিখোঁজ বেশ কয়েকজন । আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে । যার মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং ভাইস প্রেসিডেন্ট রডরিগুয়েজও

সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইনসের ইউনিয়ন দ্বীপ, ঝড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে । সেখানকার প্রায় ৯০ % বাড়ি ভেঙে পড়েছে । সংবাদ সংস্থাকে স্থানীয় একজন বাসিন্দা জানিয়েছেন, ইউনিয়ন দ্বীপের অবস্থা ভয়াবহ । প্রায় গোটা দ্বীপই গৃহহীন হয়ে পড়েছে । কোনও বাড়ি ঘর আর দাঁড়িয়ে নেই বললেই চলে । ঘরবাড়ি সব মাটিতে মিশে গেছে । যোগাযোগের সব রাস্তা বন্ধ । বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে আছে রাস্তায় । আরও এক বাসিন্দা বলেন, সবকিছুই শেষ হয়ে গেছে । তাঁদের এখন আর কোথাও বসবাস করার মত জায়গা নেই ।

১৯৮৫ সাল থেকে ইউনিয়ন দ্বীপে বাস করে আসছেন এমন এক বাসিন্দা বলেন, ২০০৪ সালে তিনি হারিকেন ইভানের তাণ্ডব দেখেছিলেন । কিন্তু হারিকেন বেরিল যে ধ্বংসলীলা চালিয়েছে, সেটা একেবারে অন্য পর্যায়ের । তাঁর কথায়, এই ঝড় টর্নেডোর সঙ্গে সমতুল্য । যে অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে, অনায়েসে উড়িয়ে নিয়ে গেছে সেই দ্বীপের ৯০ শতাংশ ।

প্রধানমন্ত্রী রালফ গনসালভেস
ঝড় থামার পর সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনসের প্রধানমন্ত্রী রালফ গনসালভেস ক্যারিবিয়ন দ্বীপজুড়ে হারিকেন বেরিলের আঘাতের সারসংক্ষেপ জানিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন । তাতে তিনি বলেন, বিপজ্জনক ও বিধ্বংসী হারিকেন বেরিল নির্বিচারে ধ্বংসলীলা চালিয়েছে । যত দ্রুত সম্ভব ঝড় পরবর্তী ক্ষয়ক্ষতির মোকাবিলা করা হবে । তার জন্য তিনি দেশবাসীকে সংযত ও ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন ।

তবে দ্বীপের সংস্কার কাজ এবং এজন্য প্রয়োজনীয় অর্থায়ন নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী রালফ । তিনি বলেন, ক্ষয়ক্ষতি মেরামতে প্রচুর আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজন হবে । বিলিয়ন বিলিয়ন অর্থের দরকার । ঘুরে দাঁড়াতে এক বছরেরও বেশি সময় লাগতে পারে । তাই দেশবাসীকে ধৈর্য্য সহকারে এই কাজে সরকারকে সবরকম সাহায্য করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী রালফ ।

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি) এর অধিকর্তা মাইকেল ব্রেনান বলেন, জামাইকাতেওও হারিকেন বেরিল ভয়ঙ্কর হয়ে উঠতে পারে । প্রবল ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি, ছাদ, গাছপালা, বিদ্যুতের লাইন লন্ডভন্ড হতে পারে । তার জন্য সকলকে আগাম সতর্ক থাকার কথা জানিয়েছেন তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube