ইজরায়েলি হামলা ! ভয়ে গাজার খান ইউনিস ছাড়ছেন প্যালেস্তিনীয়রা !

দেবরাজ বন্দ্যোপাধ্যায়

বাসিন্দাদের বাড়িঘর খালি করার নির্দেশ । ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হুঙ্কারের মুখে পূর্ব গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিস ছেড়ে পালাচ্ছে প্যালেস্তিনীয়রা । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতভর এবং সকালেও খান ইউনুসের আশপাশে ইজরায়েলি বাহিনী একাধিক জায়গায় হামলা চালিয়েছে । প্যালেস্তিনীয় রেড ক্রিসেন্ট এবং স্থানীয় চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, হামলায় এখনও পর্যন্ত আটজন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন ।
ওই এলাকায় যে ইউরোপীয়ন গাজা হাসপাতাল রয়েছে, আরও হামলার আশঙ্কায় সেখান থেকে পালাচ্ছেন রোগী ও চিকিৎসাকর্মীরা ।

রেড ক্রসের তরফে রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে । একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি জানিয়েছেন, বর্তমানে ওই হাসপাতালে মাত্র তিনজন রোগী রয়েছেন । কোন পরিষেবা না থাকায় তাঁদের জন্য বিকল্প ব্যবস্থার চেষ্টা করা হচ্ছে ।

ইজরায়েলের অধিবাসী এবং গৃহহীন প্যালেস্তিনীয়দের খান ইউনিসের পশ্চিম দিকে সরে যেতে বলেছে আইডিএফ । তবে বাস্তুচ্যুত অধিবাসী এবং আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলির দাবি, চারিদিক থেকে অবরুদ্ধ এই ভূখণ্ডে কোথাও সরে গিয়ে আশ্রয় নেওয়ার মত কোনও নিরাপদ জায়গা নেই । শহরের বেশির ভাগ এলাকাই এই বছরের শুরুর দিকে হামাসের বিরুদ্ধে ইজরায়েলের হামলায় ধ্বংস হয়ে গেছে । সেই ধ্বংসস্তুপে মাথা গোঁজার মত একটি ছাদও আর অবশিষ্ট নেই । কিছু অধিবাসী পরে খান ইউনিসে ফিরে গিয়েছিলেন । আবার রাফায় ইজরায়েলের হামলা থেকে বাঁচতেও বহু মানুষ ফিরে গিয়েছিলেন সেখানে । কিন্তু এখন তাঁরা আবারও নতুন হামলার হুমকির মুখে পড়ে, খান ইউনিসের মাটি ছেড়ে, অন্যত্র সরে যাচ্ছেন, অজানা ভবিষ্যৎকে সঙ্গী করেই ।

এদিকে গাজা শহরে একটি অ্যাম্বুল্যান্সে নতুন করে হামলা চালায় ইজরায়েলি বাহিনী । এই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন । ঘটনার রেশ কাটতে না কাটতেই গাজায় একটি স্কুলে বিমান থেকে হামলা চালায় ইজরায়েলি সেনা । রাষ্ট্রসংঘ পরিচালিত স্কুলে হামলায় অন্তত ২০ জন মৃত্যুর খবর মিলেছে । এছাড়া উত্তর গাজায় রাষ্ট্রসংঘ পরিচালিত ওসামা বেন জাইদ স্কুলেও হামলা চালায় ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী । আহতের সংখ্যা বহু । তাদের গাজা শহরের ইন্দোনেশিয়ান হাসপাতালে ভর্তি করা হয়েছে । জানা গেছে হামলায় সময় সবাই ঘুমোচ্ছিলেন । এই হামলার একদিন আগেই রাষ্ট্রসংঘ পরিচালিত আরও ৪টি স্কুলে ইজরায়েলি বিমান হামলা চালিয়েছিল বলে জানিয়েছে গাজার স্বাস্থ্যমন্ত্রক ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube