দৃষ্টি ফিরে পাওয়ার জন্য ছানি অপারেশন করিয়েছিলেন তাঁরা । তবে ঘটে গেল বড় বিপত্তি । গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ ওঠে, সেখানে চোখের অস্ত্রোপচার করার পর অনেক রোগীরাই কার্যত দৃষ্টিহীন হয়ে পড়ছেন । বৃহস্পতিবার জানা যায়, সংশ্লিষ্ট হাসপাতালে আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে চোখের সব রকমের অস্ত্রোপচার ।
এই ঘটনায় জানা যায়, রাজ্যের স্বাস্থ্য দফতরের নির্দেশে গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালে চোখের সমস্ত অস্ত্রোপচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে । অপারেশন থিয়েটার থেকে রোগীদের চোখে সংক্রমণ ছড়িয়েছে, নাকি মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহারের কারণেই এই সংক্রমণ, তা খতিয়ে দেখতে রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশে গার্ডেনরিচ হাসপাতালের তরফ থেকে আলাদা করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা যায় । তবে আরও জানা যায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছেন রোগীদের আত্মীয়স্বজনরা ।
পাশাপাশি আরও খবর, চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে রিজিওনাল ইন্সটিটিউট অফ অপথ্যালমোলজিতে আলাদা করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে । হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে ১৬ জন কলকাতা মেডিক্যাল কলেজের রিজিওনাল ইন্সটিটিউট অফ অপথ্যালমোলজি (RIO)-তে চিকিৎসাধীন রয়েছেন ।
প্রসঙ্গত, গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালে গত শুক্রবার ও শনিবার ২২-২৫ জন রোগীর ছানি অপারেশন হয় । তারপর থেকে তাঁরা চোখে দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ করেন । চোখে সংক্রমণের জেরেই এই বিপত্তি ঘটেছে বলে সন্দেহ হয় চিকিৎসকদের । এরপর রোগীদের কলকাতা মেডিক্যাল কলেজে পাঠানো হয় ।
রাজ্যের এক সরকারি হাসপাতালে এই ধরণের সমস্যার কথা প্রকাশ্যে আসতেই স্বভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে রোগীদের মধ্যে । এখন তাঁদের দিন কাটছে দুশ্চিন্তায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

