এপার বাংলার দর্শনা এবার ওপার বাংলার নাটকে । মাদকে আসক্ত বৃত্ত নামের এক তরুণ এবং তাঁর প্রেমিকা ইতির প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘ইতিবৃত্ত’ । টলিউড অভিনেত্রী দর্শনা বণিক তাঁর বাংলাদেশ সফর কেবল সিনেমার অভিনয়ে আবদ্ধ রাখতে চাইছেন না । এবার তিনি অভিনয় করেছেন ঢাকার একটি নাটকেও ।
‘ইতিবৃত্ত’ শিরোনামের নাটকটিতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন ঢাকার জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান । নাসির খানের লেখা নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু । ‘ইতিবৃত্ত’ প্রকাশ হয়েছে ইউটিউবে ।
পরিচালক রিংকু জানিয়েছেন, তিনি ভালই সাড়া পাচ্ছেন । নাটক দেখার পর প্রশংসা করে অনেকেই সোশাল মিডিয়ায় তাঁর কাজটি নিয়ে কথা বলছেন । অনেকেই আবার পজিটিভ রিভিউ দিচ্ছেন । রোহানের সঙ্গে দর্শনা বণিকের উপস্থিতি, সব মিলিয়ে ভালো কিছুই হয়েছে, মন্তব্য পরিচালকের ।
মাদকে আসক্ত বৃত্ত নামের এক তরুণ এবং তাঁর প্রেমিকা ইতির প্রেম । এই নিয়েই ‘ইতিবৃত্ত’। বৃত্তকে সবকিছুর বিনিময়ে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে মরিয়া ইতি । বৃত্ত যখন সুস্থ হওয়ার পথে, তখন দুই পরিবারের দ্বন্দ্ব শুরু হয়ে যায় । ইতি ও বৃত্তর পাওয়া, না পাওয়া ভালোবাসার গল্প নিয়ে এগিয়ে চলে নাটকটি ।
রোহান এবং দর্শনার পাশাপাশি এই নাটকে অভিনয় করেছেন
সাবেরী আলম, শিল্পী সরকার অপু, শহীদুজ্জামান সেলিম, সমু চৌধুরী, সমাপ্তি মাসুক সহ আরো
অনেকে.
টলিউড অভিনেত্রী দর্শনার ইতিমধ্যেই শাকিব খানের বিপরিতে ‘অন্তরাত্মা’ , জিয়াউল রোশন, নুসরত পারিয়ার সঙ্গে ‘অপারেশন সুন্দরবন’ এবং সারিফুল রাজ, নাসিরুদ্দিন খানের সঙ্গে ‘ওমর’-এ অভিনয় করেছেন । আপাতত বাংলাদেশের এই তিনটি সিনেমায় অভিনয় করেছেন দর্শনা ।
এই চরিত্রের জন্য দর্শনাকে উপযুক্ত মনে হল কেন? উত্তরে পরিচালক রিংকু বললেন, ” ঢাকা এবং কলকাতা – দুই জায়গার শিল্পীদেরই একে অন্যের দেশে সিনেমা এবং ওটিটিতে কাজ করতে দেখা যাচ্ছে । তাহলে নাটক কেন বাদ যাবে? গল্প নিয়ে যখন আমরা নিজেরা কয়েকজন আলোচনা করছিলাম, তখন ভেবেছি ছোটপর্দার পরিচিত কোনো মুখ না নিয়ে ভিন্ন কাউকে নেওয়া যেতে পারে । তারপর দর্শনার কথা মাথায় আসে । এরপর দর্শনার সঙ্গে যোগাযোগ করে তাঁকে গল্প পাঠাই । তিনি পড়ার পর রাজি হয়ে যান” ।
দর্শনা বাংলাদেশের নাটকের একজন নিয়মিত দর্শক বলেও জানান রিংকু । “নাটক ও ফিকশনধর্মী কোনো কাজে দর্শনার অভিনয় করার ইচ্ছা আগে থেকেই ছিল । সেই জায়গা থেকে আমার জন্য কাজটি সহজ হয়ে যায় । পবিত্র ঈদের আগে শিডিউল নিয়ে নাটকের শুটিং শেষ করি” । সবসময় শোনা যায় নাটকের বাজেট কম থাকে, সেই জায়গা থেকে কলকাতার শিল্পীকে নিয়ে কাজ করতে সমস্যা হয়নি?
জবাবে দর্শনাকে ‘সহযোগী মনোভাবের’ অভিনেত্রী হিসেবে বর্ণনা করে পরিচালক বলেন, “স্ক্রিপ্ট পাঠানোর পর আমরা বাজেটের বিষয়টা জানিয়ে নিয়েছিলাম । কারণ সিনেমার সঙ্গে নাটকের তুলনা করলে তো হবে না । চরিত্রের জন্য যতটুকু বাজেট ছিল সেটা জানানো হয় । কোনও সমস্যা হয়নি । কারণ সিনেমার শুটিং তারা অনেক সময় নিয়ে করে । আর নাটকের শুটিং তো তিনদিনে হয়ে যায়” । নাটক রিলিজ পাওয়ার পর থেকেই বেশ খুশি দর্শনা । কারণ সর্বত্রই রিভিউ ভীষণ ভাল ।