শ্লীলতাহানি ইস্যুতে রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনিয়ে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রে খবর, অবশেষে মানহানির মামলা দায়ের করে ফেললেন তিনি। এরফলে রাজ্য-রাজ্যপাল সংঘাত আরও তীব্র হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
কোচবিহারে নির্যাতিতা বিজেপি নেত্রীর সঙ্গে দেখা করতে মঙ্গলবার শিলিগুড়ি যান রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর নাম না করেই তিনি কার্যত হুঁশিয়ারির সুরে বলেন, ‘আমার আত্মসম্মান নিয়ে যিনি প্রশ্ন তোলেন তাঁকে ভুগতে হবে। তিনি আমার প্রশাসনিক সহকর্মী হতে পারেন এক্ষেত্রে দোষী।‘
সম্প্রতি দিল্লি সফরে গিয়ে এক সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করেছিলেন বোস। তিনি বলেছিলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সীমা অতিক্রম করে গিয়েছেন। একজন মুখ্যমন্ত্রী হিসেবে তাঁকে সাংবিধানিক সহকর্মী মনে করে সম্মান করেছি। কিন্তু মুখ্যমন্ত্রী হয়তো ভাবছেন তিনি যে কাউকে অপমানিত করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মত একজন আমার চরিত্রের বিশ্লেষণ করতে পারেন না। তাঁর কোনও অধিকার নেই মিথ্যার মাধ্যমে আমার চরিত্র বিশ্লেষণ করা। এটা ‘মেগ্যালোম্যানিয়া’ নয় এটাকে বলা হয় ‘মমতা ম্যানিয়া’।
উল্লেখ্য, গত মাসেই রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। নির্যাতিতা নিজে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। এনিয়ে সরব হয় শাসক দল। গর্জে ওঠেন খোদ মুখ্যমন্ত্রী। বিতর্কের জল গড়িয়েছে বহু দূর। ‘ওনার রাজভবনে কেন সবাই যাবেন? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে, মেয়েরা যেতে ভয় পাচ্ছে। আমাকে অভিযোগ করেছে।‘ সম্প্রতি দলীয় বিধায়কদের শপথ জট নিয়ে কথা বলতে গিয়ে রাজ্যপাল-রাজভবনকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছিলেন সিভি আনন্দ বোস।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

