আপাতত জেলমুক্ত ভাঙড়ের প্রাক্তন বিধায়ক

নিউজটাইম ওয়েবডেস্ক : সানন্দা বসু

আরাবুলকে জামিন দিল কলকাতা হাইকোর্ট । মঙ্গলবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ তাঁকে জামিন দেয় । বারুইপুরের বিজয়গঞ্জে আইএসএফ কর্মী খুনের মামলায় মঙ্গলবার জামিন পেলেন তিনি । এর আগে অন্য ন’টি মামলায় জামিন পান আরাবুল ।

গত ৮ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় তৃণমূল নেতা আরাবুলকে । তৃণমূল নেতার বিরুদ্ধে খুনের পাশাপাশি সরকারি সম্পত্তি ভাঙচুর, আগ্নেয়াস্ত্র-সহ দলবদ্ধ ভাবে আক্রমণের অভিযোগ রয়েছে । আগেই জামিন চেয়ে বারুইপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে গিয়েছিলেন আরাবুল । তাঁর আইনজীবী জানান, আরাবুল অসুস্থ । তাঁকে জামিন দেওয়া হোক । যদিও পুলিশের তরফে জানানো হয়, তদন্তের প্রয়োজনে আরাবুলকে তাদের নিজেদের হেফাজতে নিতে হবে ।

এরপরে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন আরাবুল । তিনি অভিযোগ করেন, তাঁকে একটি মামলায় গ্রেফতারের পরেও আরও দু’টি মামলায় যুক্ত করেছে পুলিশ । আইনজীবীর মাধ্যমে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেন । পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে হাই কোর্টের দ্বারস্থ হন আরাবুলের স্ত্রী জাহানারা বিবিও । তাঁর অভিযোগ ছিল, লোকসভা ভোটের আগে তাঁর স্বামীর বিরুদ্ধে চক্রান্ত করে একের পর এক মামলায় ফাঁসানো হচ্ছে তাঁকে । গ্রেফতারের পরেও নতুন নতুন অভিযোগে মামলা দায়ের হয়েছে ।

বেশ কিছুদিন আগেই প্রকাশ্য সভা থেকে আরাবুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ে তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লা । শওকত দাবি করেছিলেন, আরাবুলের কাজকর্মে ক্ষুব্ধ ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তৃণমূল বিধায়কের অভিযোগ, পঞ্চায়েত ভোটে টিকিট দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছেন আরাবুল । নিজের ছেলেকে জেলা পরিষদের টিকিট পাইয়ে দিতে তাঁর কাছে দরবারও করেছিলেন । এমনকি দলের নেতাকে খুনের ষড়যন্ত্র করেছিলেন আরাবুল, এমনও অভিযোগ করেন শওকত মোল্লা । আরাবুলের বিরুদ্ধে কতগুলি মামলা রয়েছে, রাজ্যের কাছে জানতে চায় কলকাতা হাইকোর্ট । মঙ্গলবার তাঁকে জামিন দেওয়া হয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube