পরীক্ষার দু’ঘণ্টা আগে তৈরি হবে প্রশ্নপত্র, নিট-পিজি নিয়ে এল বড় আপডেট!

ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নফাঁস দুর্নীতি প্রকাশ্যে আসতেই গোটা দেশে শোরগোল সৃষ্টি হয়েছে। প্রশ্ন ফাঁসের আশঙ্কায় বাতিল করা হয়েছিল নিট-পিজি পরীক্ষা। চলতি মাসেই হতে পারে এই পরীক্ষা। প্রশ্ন পত্র ফাঁস দুর্নীতি এড়াতে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

গত মাসের ২৩ তারিখ নিট পিজি পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু নিট-ইউজির দুর্নীতির প্রকাশ্যে আসতেই মাত্র ২৪ ঘণ্টা বাকি থাকতে সেই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়। সূত্রে খবর, চলতি জুলাই মাসেই নিট-পিজি পরীক্ষা হবে। শীঘ্রই নির্ঘণ্ট প্রকাশ করা হবে। আরও জানা গিয়েছে, মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিদলের সঙ্গে সাইবার অপরাধ দমন বিভাগের আধিকারিকদের একটি বৈঠক হয়েছে। কোনওরকম ঝুঁকি এড়াতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পরীক্ষার মাত্র দু’ঘণ্টা আগে প্রশ্নপত্র তৈরি করা হবে। নিট দুর্নীতির তদন্ত এখনও চলছে। ঘটনার রেশ এখনও কাটেনি, এরমধ্যেই নিট-পিজির পরীক্ষা হলে দুর্নীতি আটকানো যাবে কি, এনিয়েও উঠছে অনেক প্রশ্ন।

গত ৪ জুন নিটের ফল প্রকাশ হয়েছিল। ফুল মার্কস অর্থাৎ ৭২০-তে ৭২০ পেয়েছিলেন ৬৭ জন। বহু পরীক্ষার্থীকে সর্বোচ্চ ১৪০ পর্যন্ত গ্রেস মার্কস দেওয়া হয়েছিল। নিট পরীক্ষার দিনে পরীক্ষাকেন্দ্রে সময় নষ্ট হওয়ায় এই গ্রেস মার্কস দেওয়া হয়েছিল বলে দাবি করে এনটিএ। ফল প্রকাশের পর আরও একটি চাঞ্চল্যকর বিষয় নজরে আসে। যারা প্রথম হয়েছিলেন তাঁদের অধিকাংশই একটি নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন। এরপরই দুর্নীতির আশঙ্কায় সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। শীর্ষ আদালতের তরফে ১৫৬৩ জনের গ্রেস মার্কস বাতিল করে দেওয়া হয়। জানানো হয়, পুনরায় নিট পরীক্ষা দিতে হবে তাঁদের। তবে বিষয়টি সম্পূর্ণ ঐচ্ছিক। যদি কোনও পরীক্ষার্থী রিটেস্ট না দেন তাহলে তাঁদের ক্ষেত্রে গ্রেস মার্কস ছাড়া প্রাপ্ত নম্বর গণনা করা হবে। পুনরায় পরীক্ষা নেওয়ার বিরুদ্ধে সরব হয়েছিলেন একাধিক ‘টপার’।

গত ২৩ জুন পুনরায় নিট-ইউজি পরীক্ষা হয়। গ্রেস মার্কস প্রাপ্ত পরীক্ষার্থীদের সংখ্যা ১৫৬৩ জন হলেও রিটেস্ট দিয়েছিলেন প্রায় ৮০০ জন। এবারে কেউই ফুল মার্কস পাননি। নিট-এর টপারের সংখ্যা ৬৭ থেকে নেমে এসেছে ৬১-তে। সূত্রে খবর, দ্বিতীয়বার নিট পরীক্ষার ফলপ্রকাশের পর এবার চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করতে পারে এনটিএ।    

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube