রেশন দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর। ইতিমধ্যেই দু’বার তলব করা হয়েছে তাঁকে। একবার হাজিরা এড়ালেও দ্বিতীয়বার ইডির মুখোমুখি হয়েছিলেন তিনি। এরপরই এই মামলায় ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চেয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে আবেদন করলেন অভিনেত্রী। প্রশ্ন উঠছে, তবে কি রেশন দুর্নীতি মামলায় জড়িত অভিনেত্রী?
গত ১৯ জুন ইডির দ্বিতীয় তলবে হাজিরা দিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেত্রী দাবি করেছিলেন, তিনি এই দুর্নীতির বিষয়ে কিছুই জানেন না। মাস ঘুরতে না ঘুরতেই ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চাইলেন তিনি। ইতিমধ্যেই ইডির কাছে আবেদন করে ফেলেছেন অভিনেত্রী, এমনটাই খবর সূত্রের।
গত বছর রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিককে। সূত্রে খবর, বেশ কিছু অনুষ্ঠানে ঋতুপর্ণা ও জ্যোতিপ্রিয় মল্লিককে একসঙ্গে দেখা গিয়েছে। একথা নিজেও স্বীকার করেছেন অভিনেত্রী। জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে কিছু টাকাও নিয়েছিলেন অভিনেত্রী। ইডির দাবি, রেশন দুর্নীতি মামলার প্রায় ৬০-৭০ লক্ষ টাকা ঋতুপর্ণার মাধ্যমে টলিউডে লেনদেন হয়েছে। তাহলে সেই টাকাই ফেরত দিতে চাইলেন ‘প্রাক্তন’ খ্যাত অভিনেত্রী? চলছে জল্পনা।
উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হলে কিছু সময় চেয়ে নেন তিনি। ক’দিনের মধ্যেই দ্বিতীয় তলব করে ইডি। গত ১৯ জুন বেশকিছু গুরুত্বপূর্ণ নথি সহ নিজের আইনজীবীকে নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন অভিনেত্রী। দীর্ঘ ৫ ঘণ্টা ঋতুপর্ণাকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

