হিন্দি টেলিভিশন ইন্ড্রাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিনা খান । নিজের অভিনয় দক্ষতার মধ্যে দিয়ে ইন্ড্রাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন অভিনেত্রী । সব ঠিকই চলছিল, কিন্তু এর মধ্যেই হঠাৎ করেই ক্যান্সার ধরা পড়ে অভিনেত্রীর ।
কয়েকদিন আগেই হিনা জানিয়েছিলেন তিনি স্টেজ ৩ স্তন ক্যানসারে আক্রান্ত । যা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অনুরাগীরা । সম্প্রতি একটি আওয়ার্ড অনুষ্ঠান থেকে সরাসরি প্রথম কেমো নেওয়ার জন্য হাসপাতালে যান অভিনেত্রী । সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেত্রী । শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, একটি আওয়ার্ড অনুষ্ঠানের জন্যে ফটোশুট করছেন হিনা; তারপর অনুষ্ঠানের রেড কার্পেটে হাঁটছেন হিনা এবং পুরস্কারও গ্রহণ করছেন । এরপরেই দেখা যায় কেমো নিতে হাসপাতালে যাচ্ছেন তিনি ।
ভিডিওতে হিনা কে বলতে শোনা যায়, “সমস্ত গ্ল্যামার চলে গিয়েছে । আমি আমার প্রথম কেমোর জন্য প্রস্তুত।” ভিডিওটি শেয়ার করে অভিনেত্রী লেখেন, “ওই অ্যাওয়ার্ডের রাতে আমি আমার ক্যানসার ডায়াগনোসিস নিয়ে জানতাম । কিন্তু আমি ঠিক করেছি, বিষয়টাকে স্বাভাবিক রাখার – শুধু আমার জন্য নয়, বরং আমাদের সকলের জন্য । এই দিনটাই সব কিছু বদলে দিয়েছে । মূলত এটাই আমার জীবনের সব থেকে চ্যালেঞ্জিং পর্বের সূচনা।”
হিনা আরও লিখেছেন, “আমরা যা বিশ্বাস করি, তা হয়ে উঠি এবং আমি আবার নিজেকে নতুন ভাবে উদ্ভাবনের সুযোগ হিসাবে এই চ্যালেঞ্জটি গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি । আমার টুলকিটে প্রথম টুল হিসেবে আমি ইতিবাচক উদ্যমটাকেই রাখার সিদ্ধান্ত নিয়েছি । নিজের জন্যই আমি বিষয়টা স্বাভাবিক করার কথা ভেবেছি । আমার জন্য কাজের অঙ্গীকার খুবই গুরুত্বপূর্ণ। আমার জন্য অনুপ্রেরণা, আবেগও গুরুত্বপূর্ণ । আমি নতি স্বীকার করতে অস্বীকার করি । আমার প্রথম কেমোর ঠিক আগেই যে পুরস্কারটা আমি পেয়েছি, সেটা শুধু আমার অনুপ্রেরণা নয় । বরং আমি এই অনুষ্ঠানে যোগ দিয়েছি, কারণ আমি নিজেকে বোঝাতে চেয়েছি যে, আমি যেভাবে ঠিক করেছি, সেভাবেই বাঁচছি । সব কিছুর উর্ধ্বে মন । তাই আমি ওই অনুষ্ঠানে যোগ দিয়ে সেখান থেকেই সরাসরি হাসপাতালে গিয়েছি প্রথম কেমোর জন্য । তাই আমি সকলের কাছে অনুরোধ করব, তাঁরা যেন নিজেদের জীবনের চ্যালেঞ্জগুলিকে প্রথমে স্বাভাবিক করে তোলে । সেটা যতটাই কঠিন হোক না কেন । কখনওই পিছিয়ে যাওয়া উচিত নয় । হাল ছেড়ে দেওয়াও উচিত নয় ।” সবমিলিয়ে বলাই যায় কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন হিনা । অভিনেত্রীর পাশে আছেন তার পরিবার থেকে বন্ধুবান্ধব ও তাঁর অনুরাগীরা ।