নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের দোসর মৌসুমী অক্ষরেখা! ত্রিফলার প্রভাবে বঙ্গে কমবে বৃষ্টির অভাব

অবশেষে বঙ্গে জোর কদমে প্রবেশ করেছে বর্ষা । তবে বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলায় ভর করে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী বায়ু । তবে শুধু তাই নয় তার সঙ্গে দোসর অক্ষরেখা । এই ত্রিফলার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি কমতে চলেছে জুলাইয়ের শুরুতেই ।

সোমবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলের ওপর অবস্থান করছে নিম্নচাপটি । দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে আছে একটি ঘূর্ণাবর্তও । অন্যদিকে পূর্ব উত্তরপ্রদেশ থেকে নিম্নচাপের কেন্দ্র পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত আছে । এই তিন সিস্টেমের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ছে । কিছু কিছু জেলায় ভারী বৃষ্টি চলবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর । সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে ।

দক্ষিণবঙ্গে এবার বর্ষা অনেকটাই দেরিতে এসেছে । বর্ষা প্রবেশের পরও সেভাবে বৃষ্টি হচ্ছে না । দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে । গত শুক্রবার বৃষ্টিপাত একটু বেড়েছে । তবে এতে গরম একেবারেই কাটছে না । বরং আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়িয়ে তুলেছে । আজ এবং আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বলে জানা যাচ্ছে । বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া এই তিন জেলায় বৃষ্টিপাত বাড়বে ।

অন্যদিকে বৃহস্পতি এবং শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে । অর্থাৎ জুলাইয়ের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি কিছুটা হলেও কমবে বলেই আশা করছেন আবহাওয়াবিদরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube