কোচবিহারের পর চোপড়া, বাংলায় একের পর এক মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন। রাজ্য-রাজনীতিতে শোরগোল সৃষ্টি হয়েছে। শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে প্রধান বিরোধী দল বিজেপি। এবার ঘটনাস্থলে যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রে খবর, দিল্লি থেকে ফিরেই উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।
রাজ্যপাল সিভি আনন্দ বোস বর্তমানে দিল্লিতে রয়েছেন। মঙ্গলবার সেখান থেকে ফেরার কথা রয়েছে তাঁর। সূত্রে খবর, দিল্লি থেকে ফিরেই বাগডোগরা হয়ে কোচবিহার ও চোপড়ায় যাবেন তিনি। ‘আক্রান্ত’রা খোদ রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়েছেন, সেই কারণেই সিভি আনন্দ বোস তড়িঘড়ি উত্তরবঙ্গ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। কোচবিহারের ঘটনায় ইতিমধ্যেই জাতীয় মহিলা কমিশন নির্যাতিতার সঙ্গে কথা বলেছেন।
কোচবিহারে এক বিজেপি নেত্রীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, বিজেপি করায় তাঁকে মারধর করা হয়, এমনকি নগ্ন অবস্থায় চুলের মুঠি ধরে প্রায় এক কিলোমিটার পথ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই একটি ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়। (ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি নিউজ টাইম বাংলা)। জানা যায়, উত্তর দিনাজপুরের চোপড়ায় বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এক যুগলকে মারধর করা হয়। অভিযুক্ত তৃণমূল নেতা ‘জেসিবি’কে গ্রেফতার করা হয়েছে। তাঁকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
কোচবিহার ও চোপড়ার ঘটনায় শাসক দলকে কাঠগড়ায় তুলে সোমবার বিধানসভায় ধর্নায় বসেন বিজেপির মহিলা বিধায়করা। চোপড়ার ঘটনা বাংলার গণ্ডি পেরিয়ে দিল্লির সংসদে পৌঁছে গিয়েছে। বিজেপির তারকা সাংসদ কঙ্গনা রানাউত এনিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। চোপড়াকাণ্ডে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নবান্নের কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

