চোপড়াকাণ্ডে নবান্নের কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে মধ্যযুগীয় বর্বরতা দেখেছে উত্তর দিনাজপুরের চোপড়া। যুগলকে প্রকাশ্য সালিশি সভায় বেধড়ক মারধর করা হয়। ইতিমধ্যেই অভিযুক্ত তৃণমূল নেতা তাজমূল ওরফে ‘জেসিবি’কে গ্রেফতার করা হয়েছে। ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজ্য-রাজনীতিতে শোরগোল সৃষ্টি হয়েছে। এবার এই ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় যুগলকে বেত জাতীয় কিছু দিয়ে বেধড়ক মারধর করা হচ্ছে। শোনা যাচ্ছে মহিলার আর্তনাদ। জানা যায়, ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের চোপড়ায়। বিবাহ বহির্ভূত সম্পর্কের ‘শাস্তি’ হিসেবে সালিশি সভায় মারধর করা হয়েছে যুগলকে। স্থানীয় তৃণমূল নেতা ‘জেসিবি’র বিরুদ্ধে অভিযোগ ওঠে। এই ভিডিয়ো ভাইরাল হতেই সরব হয় বিরোধীরা। (ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি নিউজ টাইম বাংলা)। এবার এই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নবান্নের কাছে রিপোর্ট চেয়ে পাঠালেন সিভি আনন্দ বোস।

সোমবার চোপড়ার ঘটনার প্রতিবাদে বিধানসভায় ধর্নায় বসেন বিজেপির মহিলা বিধায়করা। এই ঘটনার আঁচ পড়েছে দিল্লির সংসদেও। বিজেপির তারকা সাংসদ কঙ্গনা রানাউত চোপড়ার ঘটনা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। বাংলায় ‘শরিয়তি’ আইন জারি হয়েছে বলেও তোপ দাগেন তিনি।

উল্লেখ্য, সোমবার ধৃত তৃণমূল নেতা জেসিবি-কে আদালতে পেশ করা হয়। তাঁকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় ইসলামপুর আদালত। একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে তৃণমূল নেতার বিরুদ্ধে। এই ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube