ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস দুর্নীতি প্রকাশ্যে আসতেই আন্দাজ করা হয়েছিল সংসদে এর ব্যাপক প্রভাব পড়বে। অধিবেশন শুরু হতেই আশঙ্কা সত্যি হল। শোরগোলের কারণে শুক্রবার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। সোমবার ফের অধিবশন শুরু হতেই নিট দুর্নীতি নিয়ে আলোচনার দাবি তোলেন বিরোধীরা। সেই দাবি খারিজ হতেই সংসদের বাইরে বিক্ষোভে নামেন তাঁরা।
সূত্রে খবর, নিট দুর্নীতি নিয়ে সরকারকে চাপে ফেলতে একটি রূপরেখা তৈরি করে ফেলেছেন বিরোধীরা। সেইমতই সংসদের দুই কক্ষেই সুর চড়াচ্ছে বিরোধীরা। সোমবার অধিবেশন শুরু হতেই বিরোধী দলগুলি নিট ইস্যুতে আলোচনার দাবি তোলেন। কিন্তু আলোচনার দাবি খারিজ হতেই শুরু হয় শোরগোল। এরপরই সংসদের বাইরে বিক্ষোভে সামিল হন তাঁরা। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, আপ সাংসদ রাঘব চাড্ডা, তৃণমূল সাংসদ সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ সহ অনেকেই প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হন।
২৪ জুন থেকে শুরু হয়েছে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। তার আগেই যেহেতু নিট ইউজি, নিট পিজি, নেট ঘিরে বিতর্ক শুরু হয়েছে, তাই এর রেশ যে সংসদে পড়বে সেই আশঙ্কা আগেই করা হয়েছিল। নিট ইস্যুতে কেন্দ্রকে চাপে ফেলতে আগেই ইন্ডিয়া জোট ঠিক করে নিয়েছিল, শুক্রবার সংসদের দুই কক্ষেই (লোকসভা-রাজ্যসভা) মুলতুবি প্রস্তাব আনা হবে। গত বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠক করে ইন্ডিয়া জোট। বিরোধীরা আলোচনা চাইলেও স্পিকার জানিয়েছেন, রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ জ্ঞাপন ও আলোচনা না হলে এই দাবি গ্রহণ করা সম্ভব নয়।
উল্লেখ্য, গত ৪ জুন ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি’র ফলপ্রকাশ হয়। এরপরই দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা হয়। বাতিল হয় ১৫৬৩ জন পরীক্ষার্থীর গ্রেস মার্কস। তদন্তের মাধ্যমে জানা যায়, ৩০-৩২ লক্ষ টাকায় প্রশ্নপত্র বিক্রি হয়েছে। গত রবিবার গ্রেসমার্কস প্রাপ্ত পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় বসতে হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট দুর্নীতির দায় স্বীকার করেছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। নিট দুর্নীতিতে যুক্ত অপরাধীদের পাকড়াও করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে আশ্বস্ত করেছে কেন্দ্রীয় সরকার।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

