দুই বিধায়কের শপথ জট নিয়ে কথা বলতে গিয়ে রাজ্যপালকে তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘রাজভবনে মেয়েরা যেতে ভয় পাচ্ছে’, এই মন্তব্য করেছিলেন তিনি। এরপরই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রবিবার এক সাক্ষাৎকারে ‘মমতা ম্যানিয়া’ বলেও কটাক্ষ করেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান।
এদিনের সাক্ষাৎকারে রাজ্যপাল বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সীমা অতিক্রম করে গিয়েছেন। একজন মুখ্যমন্ত্রী হিসেবে তাঁকে সাংবিধানিক সহকর্মী মনে করে সম্মান করেছি। কিন্তু মুখ্যমন্ত্রী হয়তো ভাবছেন তিনি যে কাউকে অপমানিত করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মত একজন আমার চরিত্রের বিশ্লেষণ করতে পারেন না। তাঁর কোনও অধিকার নেই মিথ্যার মাধ্যমে আমার চরিত্র বিশ্লেষণ করা। এটা ‘মেগ্যালোম্যানিয়া’ নয় এটাকে বলা হয় ‘মমতা ম্যানিয়া’।
উল্লেখ্য, প্রায় এক মাস হতে চললেও এখনও তৃণমূলের দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (বরাহনগর) ও রেয়াত হোসেন সরকার (ভগবানগোলা) শপথ নিতে পারেননি। চলছে চিঠি চালাচালি। একদিকে রাজ্যপাল চাইছেন দুই বিধায়ককে রাজভবনে শপথবাক্য পাঠ করাতে। অন্যদিকে দুই জয়ী প্রার্থী বিধানসভায় শপথ গ্রহণ করতে অনড়। অবস্থান বিক্ষোভে বসেছেন তাঁরা। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দেশের উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে কথা বলেছেন। তবে কবে শপথ জট কাটবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
অন্যদিকে দিল্লি সফরে গিয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে দেখা করেছেন সিভি আনন্দ বোস। রাজভবনের তরফে ছবিও পোস্ট করা হয়েছে। সূত্রে খবর, অর্থমন্ত্রীর কাছে রাজ্যের অর্থ ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। রাজভবনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যের আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত শ্বেত পত্র প্রকাশ করার কথা ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

