NDA সরকারকে চাপে ফেলতে ডেপুটি স্পিকার পদে কার কথা ভাবছে ‘ইন্ডিয়া’?

লোকসভা নির্বাচন মিটতেই কেন্দ্রের সাথে বিরোধীদের তরজা দেখা গিয়েছে। প্রোটেম স্পিকার থেকে শুরু করে স্পিকার এবার ডেপুটি স্পিকার পদে নিজেদের কাউকে রাখতে মরিয়া ইন্ডিয়া জোট। ইত্যিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। একটি নামও প্রস্তাব করা হয়েছে বলে খবর। এনডিএ সরকারকে চাপে ফেলতে শক্তিশালী মুখ রাখতে চায় বিরোধীরা।

সূত্রে খবর, উত্তরপ্রদেশের ফৈজাবাদ কেন্দ্রের সাংসদ অবধেশ প্রসাদের নাম লোকসভার ডেপুটি স্পিকার পদে প্রস্তাব করা হয়েছে। প্রসঙ্গত, ফৈজাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যেই রয়েছে অযোধ্যা, যেখানে চলতি বছরে রাম মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। ইন্ডিয়া জোটের অন্যতম শরিক সদস্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফেই এই নাম প্রস্তাব করা হয়েছে বলে খবর। আরও জানা গিয়েছে, এনিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং সমাজবাদী পার্টির লোকসভার দলনেতা অখিলেশ যাদবের মধ্যে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

লোকসভার অধিবেশন শুরু হওয়ার পর এনডিএ-র তরফে ওম বিড়লাকে স্পিকার পদে মনোনীত করা হয়। তাঁর বিরুদ্ধে কংগ্রেসের তরফে আট বারের সাংসদ কে সুরেশকে প্রার্থী করা হয়েছিল। এনিয়ে তৃণমূলের অভিযোগ ছিল, আলোচনা ছাড়াই প্রার্থী বাছাই করেছে হাত শিবির। কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফেও এই ‘ভুল’ স্বীকার করে নেওয়া হয় বলে জানা গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধীর ফোনে কথোপকথনের পর সেই জট কাটে। স্পিকার পদে প্রার্থী দিলেও ধ্বনি ভোটে জয়ী হয়েছেন এনডিএ মনোনীত ওম বিড়লা। এবার ডেপুটি স্পিকার পদে বিরোধীদের একজনকে বসাতে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (২৪ জুন), অষ্টাদশ লোকসভার প্রথম দিন অধিবেশন শুরুর আগেই রাষ্ট্রপতি ভবনে প্রোটেম স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিজেপি সাংসদ ভতৃহরি মহতাব। এনিয়ে বিতর্ক দেখা গিয়েছিল। কড়া সমালোচনায় নামেন বিরোধীরা। রীতি অনুযায়ী, সবচেয়ে বেশি সময় ধরে আছেন এমন একজনকেই প্রোটেম স্পিকার করা হয় কিন্তু বিরোধীদের এই দাবির পরোয়া না করেই প্রোটেম স্পিকার নিয়োগ করা হয়। লোকসভায় তাঁর কাছেই শপথ বাক্য পাঠ করেন কংগ্রেস, তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube