বাড়ির অমতে বছর পাঁচেক আগে বিয়ে করেছিলেন যুবতী। নিজের পছন্দের ছেলেকে বিয়ে করতে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি। তারপর থেকেই বাপের বাড়ির সঙ্গে যোগাযোগ ছিল না। দীর্ঘ পাঁচ বছর পর পরিবারের তরফে ডাক আসে। এরপরই মর্মান্তিক পরিণতি! শ্বশুরবাড়ির অভিসন্ধিতে খুন জামাই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নয়ডায়।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম ভুলেশ কুমার। তিনি সম্বল জেলার বাসিন্দা ছিলেন। পাঁচ বছর আগে প্রীতি যাদবকে বিয়ে করেছিলেন তিনি। তারপর থেকেই বাড়ির সঙ্গে যোগাযোগ ছিল না যুবতীর। আচমকাই ক’দিন আগে শ্বশুরবাড়ি থেকে জামাইকে আমন্ত্রণ জানানো হয়। বাড়ি থেকে ডাক পেয়েছেন, বিশ্বাস করতে পারছিলেন না প্রীতি। ঘটনাটি দু’সপ্তাহ আগের। গত ১৬ জুন সুরজপুর থানা এলাকায় তাঁর দেহ উদ্ধার হয়।
পুলিশের তরফে আরও জানানো হয়, শ্বশুরবাড়ি থেকে ফেরার পথেই কয়েকজন দুষ্কৃতী তাঁকে শ্বাসরোধ করে খুন করে। তদন্তে উঠে আসে, যুবতীর পরিবারের লোকেরাই ভুলেশকে খুন করার জন্য লোক ভাড়া করেছিল। খুনের ষড়যন্ত্র করেই তাঁকে নিমন্ত্রণ করা হয়েছিল বলেই জানা গিয়েছে।
পুলিশ ইতিমধ্যেই যুবতীর বাবা ও কাকাকে গ্রেফতার করেছে। এখনও পর্যন্ত দুজন ভাড়াটে খুনিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আরও দু’জন পলাতক, তাঁদের খোঁজ চলছে। এছাড়াও খুনে ব্যবহৃত গামছা সহ একটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

