মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন আসন্ন। তার আগেই রাজ্যের নারীদের জন্য বিশেষ প্রকল্প ‘লাডলি বেহনা যোজনা’ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। এনিয়ে শিবসেনা উদ্ধব গোষ্ঠী কটাক্ষ করতে ছাড়েনি। এবার শিণ্ডে গোষ্ঠীর এই প্রকল্প নিয়ে তীব্র সমালোচনা করলেন উদ্ধব গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত। তাঁর কথায়, জনগণের টাকাই প্রকল্পের নামে ভিক্ষায় দিচ্ছে মহারাষ্ট্র সরকার।
রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেন, ‘বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই জনগণের টাকা, রাজ্যের টাকা ভিক্ষায় দেওয়া হচ্ছে। লোকসভা নির্বাচনে সরাসরি সকলের বাড়ি বাড়ি গিয়ে টাকা বিলি করেছে। এবার জনগণের টাকাই ভিক্ষার মত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।‘
গত শুক্রবার মহারাষ্ট্র বিধানসভার বাদল অধিবেশনে ‘লাডলি বেহনা যোজনা’ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। এই প্রকল্পের অধীনে ওই রাজ্যের মহিলারা প্রতি মাসে ১২০০-১৫০০ টাকা করে পাবে বলে জানা গিয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, মধ্যপ্রদেশে আগেই মহিলাদের জন্য এই প্রকল্প চালু করেছে বিজেপি। তার সুফল পেয়েছে বিধানসভা নির্বাচনে। চলতি বছরে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন রয়েছে, সেদিকে নজর রেখেই ‘লাডলি বেহনা যোজনা’র ঘোষণা করা হল।
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এই প্রকল্প নিয়ে পাল্টা শিণ্ডে সরকারকে বিঁধে দাবি করেছিলেন, মানুষ এই সরকারকে বিদায় জানাতে চলেছে। রাম মন্দিরে লিকেজ হয়েছে, শিক্ষাক্ষেত্রে প্রশ্নপত্র লিক হচ্ছে। বিজেপি তথা শিণ্ডে সরকারকে ‘লিকেজ সরকার’ বলেও কটাক্ষ করেন উদ্ধব ঠাকরে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

