বিজেপি করায় এক মহিলাকে অকথ্য নির্যাতন! মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী কোচবিহার। শাসক দল তৃণমূলের বিরুদ্ধে উঠেছে অভিযোগের আঙুল। সরব হয়েছে প্রধান বিরোধী দল বিজেপি। এবার এই ঘটনায় তদন্তের স্বার্থে সাত সদস্যের কমিটি গঠন করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
সুকান্ত মজুমদারের তৈরি এই কমিটিতে রয়েছেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল, শিখা চট্টোপাধ্যায়, মালতী রাভা রায়, মাফুজা খাতুন, ফাল্গুনি পাত্র, শশী অগ্নিহোত্রী, সাংসদ জয়ন্ত রায়। প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন অগ্নিমিত্রা পাল। কোচবিহারে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে বিজেপির রাজ্য সভাপতির কাছে রিপোর্ট তলব করবেন তাঁরা।

নির্যাতিতা মহিলার অভিযোগ, তিনি বিজেপি করায় তৃণমূলের কর্মীরাই তাঁর উপর হামলা চালিয়েছেন। এখনও আতঙ্কে দিন কাটছে তাঁর। শুক্রবার ওই মহিলাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। যদিও পুলিশের তরফে দাবি করা হয়েছে, রাজনৈতিক কোনও কারণ নেই। স্থানীয় কয়েকজনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই মহিলা। এরপরই তাঁকে বিবস্ত্র করে মারধর করা হয়। এমনকি চুলের মুঠি ধরে এক কিমি পর্যন্ত টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ।
এই ঘটনায় তীব্র নিন্দা করেছে পদ্ম শিবির। পাশাপাশি জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মহিলা বিজেপি নেত্রীকে নির্যাতনের প্রতিবাদে বিধানসভা চত্বরে ধর্নায় বসতে চেয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বিতর্কিত ঘটনায় টিম পাঠানোর আবেদন জানিয়ে জাতীয় সংখ্যালঘু কমিশন, জাতীয় মহিলা কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশনকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

