দুই বিধায়কের শপথ জট কাটাতে এবার পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের দ্বারস্থ হলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে ধনকড়ের সঙ্গে ফোনে কথা বলেছিলেন তিনি। উপরাষ্ট্রপতির কাছে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিয়ে বিশেষ আবেদন জানিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়।
বিধানসভা সূত্রে খবর, গতকালের ফোনালাপে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জগদীপ ধনকড়ের রাজ্যপাল থাকাকালীন সময়ের কথা উল্লেখ করেছেন। ২১-এর উপনির্বাচনের জয়ের পর তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ নিয়েও কার্যত একই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কিন্তু তৎকালীন রাজ্যপাল শেষপর্যন্ত বিধানসভায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। তাই বর্তমান রাজ্যপাল যাতে বিধানসভায় এসে দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করান, সেই বিষয়ে আবেদন করেছেন। উপরাষ্ট্রপতি এনিয়ে স্পিকারকে আশ্বস্ত করেছেন বলেও জানিয়েছেন।
জগদীপ ধনকড় বাংলার রাজ্যপাল থাকাকালীন দেখা গিয়েছিল রাজ্য-রাজ্যপাল সংঘাত। একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ করেছিলেন ধনকড়। শাসক দল তৃণমূলও পাল্টা আক্রমণ ফিরিয়ে দিয়েছিল। ২০২২ সালে বাংলার রাজ্যপাল হয়ে আসেন সিভি আনন্দ বোস। এক্ষেত্রেও ছবি বদলায়নি। বরং ক্রমশ যত সময় যাচ্ছে সেই সংঘাত যেন আরও চরম রূপ নিচ্ছে।
উল্লেখ্য, গত ৪ জুন বাংলার দুই বিধানসভা কেন্দ্র বরানগর ও ভগবানগোলা উপনির্বাচনের ফল প্রকাশ হয়। দুই আসনে জয়ী হন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (বরানগর) ও রেয়াত হোসেন সরকার (ভগবানগোলা)। এরপরই শপথ গ্রহণ ঘিরে জট বাঁধে। শুরু হয় চিঠির আদান-প্রদান। রাজভবনের তরফে গত ২৬ জুন দুই বিধায়ককে শপথ গ্রহণের জন্য ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু বিধানসভাতেই শপথ নিতে চেয়ে অবস্থান বিক্ষোভ করেন দুই জয়ী প্রার্থী। এরইমধ্যে বুধবার দুপুরেই দিল্লি সফরে চলে গিয়েছেন সিভি আনন্দ বোস। এবার শপথ জট কাটাতে মরিয়া চেষ্টা বিধানসভার।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

