নিট ইস্যুতে উত্তাল সংসদের দুই কক্ষ, সোমবার পর্যন্ত মুলতুবি লোকসভা

আশঙ্কা ছিলই, অবশেষে তা বাস্তব রূপ নিল। শুক্রবার অধিবেশন চলাকালীন নিট দুর্নীতি ইস্যুতে উত্তাল হল সংসদ। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়ে নিটের প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আলোচনার দাবি তোলেন বিরোধীরা। শোরগোল শুরু হলে প্রথমে দুপুর ১২ টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। বিরোধীদের বিক্ষোভের জেরে আগামী সোমবার পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।

গত ৪ জুন ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি’র ফলপ্রকাশ হয়। এরপরই দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা হয়। বাতিল হয় ১৫৬৩ জন পরীক্ষার্থীর গ্রেস মার্কস। তদন্তের মাধ্যমে জানা যায়, ৩০-৩২ লক্ষ টাকায় প্রশ্নপত্র বিক্রি হয়েছে। গত রবিবার গ্রেসমার্কস প্রাপ্ত পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় বসতে হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট দুর্নীতির দায় স্বীকার করেছেন। কেন্দ্রের তরফে ইতিমধ্যেই তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুর্নীতিতে সরাসরি যুক্ত থাকার অভিযোগে দু’জনকে পাটনা থেকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

চলতি সপ্তাহে ২৪ জুন থেকে শুরু হয়েছে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। তার আগেই যেহেতু নিট ইউজি, নিট পিজি, নেট ঘিরে বিতর্ক শুরু হয়েছে, তাই এর রেশ যে সংসদে পড়বে সেই আশঙ্কা আগেই করা হয়েছিল। নিট ইস্যুতে কেন্দ্রকে চাপে ফেলতে আগেই ইন্ডিয়া জোট ঠিক করে নিয়েছিল, শুক্রবার সংসদের দুই কক্ষেই (লোকসভা-রাজ্যসভা) মুলতুবি প্রস্তাব আনা হবে। বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি  মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠক করে ইন্ডিয়া জোট। রাহুল গান্ধী সহ তৃণমূলের দুই প্রতিনিধি যোগ দিয়েছিলেন বৈঠকে।

শুক্রবার অধিবেশন শুরুর আগেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন হুংকার দিয়ে বলেন, সংসদে লক্ষ লক্ষ পড়ুয়ার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হবে। তবে এদিন লোকসভার স্পিকার ওম বিড়লা মুলতুবি প্রস্তাব খারিজ করে বলেন, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনার আগে মুলতুবি প্রস্তাব গ্রহণ করা যাবে না। এরপরই বিক্ষোভ দেখাতে শুরু করে বিরোধীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সোমবার পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেওয়ার সিদ্ধান্ত নেন ওম বিড়লা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube