চলতি বছরের শুরুতেই ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন হেমন্ত সোরেন, একাধিকবার জামিনের আবেদন করলেও তা খারিজ হয়ে যায়, অবশেষে পাঁচ মাস পর ঝাড়খণ্ড হাইকোর্টে জামিন মঞ্জুর হল প্রাক্তন মুখ্যমন্ত্রীর। এবার ঝাড়খণ্ডের রাজনৈতিক মহলে নয়া মোড় আসে কিনা, সেদিকেই নজর থাকবে।
হেমন্ত সোরেনের বিরুদ্ধে রাঁচিতে ৮.৮৬ একর জমি বেআইনিভাবে দখল করার অভিযোগ রয়েছে। জমি কেলেঙ্কারি মামলায় গত ৩১ জানুয়ারি তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। গ্রেফতারির আগেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তিফা দিয়েছিলেন তিনি। রাঁচির বিরসা মুণ্ডা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন জেএমএম নেতা।
গতকালই (২৭ জুন) রাঁচির বিশেষ আদালতে ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন হেমন্ত সোরেন সহ ১১ জন অভিযুক্ত। বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ ১৪ দিনের জন্য বাড়ানো হয়। পরবর্তী শুনানিরদিন ধার্য করা হয় ১১ জুলাই। তার আগেই হেমন্ত সোরেনের আবেদনের ভিত্তিতে তাঁর জামিন মঞ্জুর করে ঝাড়খণ্ড হাইকোর্ট।
লোকসভা নির্বাচনের প্রচারে অংশ নিতে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শর্তসাপেক্ষে জামিন পান তিনি। এরপরই একই কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছিলেন হেমন্ত সোরেন। কিন্তু শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে পড়ে মামলা প্রত্যাহার করতে বাধ্য হন জেএমএম নেতা। অভিযোগ ছিল, হেমন্ত সোরেনের জামিনের আবেদনে তথ্য গোপন করা হয়েছিল। পাঁচ মাস জেলবন্দী থাকার পর অবশেষে স্বস্তি প্রাক্তন মুখ্যমন্ত্রীর।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

