ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির অভিযোগে গোটা দেশে শোরগোল পড়ে গিয়েছে। গত সপ্তাহেই সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। প্রথম থেকেই সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছিল তাঁদের। মাত্র কয়েকদিনের মধ্যেই নিট-ইউজি কাণ্ডে প্রথম গ্রেফতারি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। প্রশ্নফাঁসের অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হল।
সূত্রে খবর, ধৃত দুই ব্যক্তির নাম মণীশ প্রকাশ এবং আশুতোষ। অভিযোগ, নিট পরীক্ষার প্রশ্নপত্র জোগাড় করেছিল মণীশ এবং সেই প্রশ্নপত্রের উত্তর মুখস্থ করার জন্য আশুতোষ একটি বাড়ির বন্দোবস্ত করেছিল। নিট পরীক্ষার আগের দিন একটি স্কুলের হস্টেলের ঘরে প্রশ্নপত্র বিলি করা হয়েছিল। বিনিময়ে নেওয়া হয়েছিল মোটা টাকা। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের পরই মণীশ ও আশুতোষকে গ্রেফতার করে সিবিআই।
গত ৪ জুন নিট পরীক্ষার ফল প্রকাশের পরই দুর্নীতির অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্তে উঠে আসে ৩০-৩২ লক্ষ টাকায় প্রশ্নপত্র বিক্রি হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় দেড় হাজার পরীক্ষার্থীর গ্রেস মার্কস বাতিল হয়। গত রবিবার পুনরায় পরীক্ষায় বসতে হয় তাঁদের। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রশ্নপত্র ফাঁস দুর্নীতির দায় স্বীকার করে নেন। বিহারের দুর্নীতি দমন শাখা আগেই অভিযান চালিয়ে সলভার গ্যাংয়ের ১৮ জনকে গ্রেফতার করেছিল। গত শনিবার সিবিআই তদন্তভার হাতে নিয়েই তদন্তে তৎপর হয়। এই দুর্নীতিকাণ্ডের জল কতদূর গড়াবে, তা নিয়েও আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

