দক্ষিণবঙ্গে বর্ষার আগমন হলেও এখনও বৃষ্টির চেনা ছবি দেখা যায়নি। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বজায় রয়েছে অস্বস্তিকর গরম। শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ বেশ কিছু জেলায় বৃষ্টি শুরু হয়েছে। কখনও ঝমঝমিয়ে কখনও ঝিরিঝিরি। এবার কি ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলবে? কী বলছে আবহাওয়া দফতর!

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার (২৮ জুন) উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে সারাদিনই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। রবিবারও এই জেলাগুলিতে বর্ষণের দেখা মিলবে।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, শুক্রবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বৃষ্টি চলবে। আপাতত কয়েকদিন উত্তরের একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, নির্ধারিত সময়ের ১১ দিনের মাথায় দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। কিন্তু এখনও কোনও জেলাতেই ভারী বৃষ্টি দেখা যায়নি। বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এরফলে সপ্তাহান্তে দক্ষিণে বৃষ্টি চলবে। তবে বাতাসে আর্দ্রতার কারণে গরমের অস্বস্তি থাকবে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

