ডেপুটি স্পিকার পদ ছাড়তে নারাজ ‘ইন্ডিয়া’! তৃণমূলের ভূমিকা কী?

সংসদে অধিবেশনের শুরু থেকেই স্পিকার-প্রোটেম স্পিকার পদ ঘিরে তরজা দেখা গিয়েছে এনডিএ ও ইন্ডিয়া জোটে। স্পিকার পদে প্রার্থী দিলেও ধ্বনি ভোটে জয়ী হয়েছেন এনডিএ মনোনীত ওম বিড়লা। তবে থেমে নেই বিরোধী শিবির। এবার ডেপুটি স্পিকার পদের জন্যও প্রার্থী দিতে পারে ইন্ডিয়া জোট। এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস।

লোকসভার স্পিকার পদে ওম বিড়লার বিরুদ্ধে কংগ্রেসের তরফে আট বারের সাংসদ কে সুরেশকে প্রার্থী করা হয়েছিল। এনিয়ে তৃণমূলের অভিযোগ ছিল, আলোচনা ছাড়াই প্রার্থী বাছাই করেছে হাত শিবির। কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফেও এই ‘ভুল’ স্বীকার করে নেওয়া হয় বলে জানা গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধীর ফোনে কথোপকথনের পর সেই জট কাটে। এবার ডেপুটি স্পিকার পদে বিরোধীদের একজনকে বসাতে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।

সূত্রে খবর, তৃণমূলের তরফে সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি সহ ইন্ডিয়া জোটের শরিক দলগুলির সঙ্গে আলোচনা করা হচ্ছে। যদিও তৃণমূল নিজেদের দলের কাউকে ডেপুটি স্পিকার পদে দাঁড় করাতে চায় না বলেও শোনা যাচ্ছে। এদিকে জানা যাচ্ছে, ডেপুটি স্পিকার পদে কে সুরেশকেই প্রার্থী করতে চাইছে কংগ্রেস নেতৃত্ব। তবে জোটের মধ্যেই যাতে কোনও জটিলতা না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে।

উল্লেখ্য, গত সোমবার, অষ্টাদশ লোকসভার প্রথম দিন অধিবেশন শুরুর আগেই রাষ্ট্রপতি ভবনে প্রোটেম স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিজেপি সাংসদ ভতৃহরি মহতাব।  এনিয়ে বিতর্ক দেখা গিয়েছিল। কড়া সমালোচনায় নামেন বিরোধীরা। রীতি অনুযায়ী, সবচেয়ে বেশি সময় ধরে আছেন এমন একজনকেই প্রোটেম স্পিকার করা হয় কিন্তু বিরোধীদের এই দাবির পরোয়া না করেই প্রোটেম স্পিকার নিয়োগ করা হয়। লোকসভায় তাঁর কাছেই শপথ বাক্য পাঠ করেন কংগ্রেস, তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা।     

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube