শুধু শহর কলকাতা নয়, মুখ্যমন্ত্রীর তোপের পর নড়ে চড়ে বসে জেলা প্রশাসনও । মঙ্গলবার থেকেই একাধিক জায়গায় চলতে থাকে ফুটপাথ দখল মুক্ত করার প্রক্রিয়া । এবার সেই একই ছবি ধরা পড়ল জেলাতেও । গড়িয়াহাট, হাতিবাগান, সল্টলেকের পর পুলিশি অভিযান চলল হুগলি সহ দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর এলাকাতেও ।
মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো হকার উচ্ছেদ শুরু হল রিষড়ায় । আজ, অর্থাৎ বৃহস্পতিবার এই পুর এলাকায় থাকা বেশ কিছু দোকানকে উচ্ছেদ করলেন পুরসভার কর্মীরা । পুলিশকে সঙ্গে নিয়ে পুরসভার কর্মীরা দোকান উচ্ছেদ করতে উপস্থিত হন এদিন । পাশাপাশি পুরসভার জায়গা দখল করে বেআইনিভাবে থাকা বেশ কিছু স্থায়ী দোকানকে সময় দেন বলে খবর । তাঁদেরকে জানানো হয়, নির্দিষ্ট সময়ের মতো দোকান সরানো না হলে তা ভেঙে দেওয়া হবে । এমনটাই জানান পুরসভার সহকারী ইঞ্জিনিয়ার ।
এদিন এক দোকানদার জানান, তিনি দোকান ভাড়া নিয়ে চালাতেন; অর্থাৎ পুরসভার জায়গাতেই দোকান করে তা ভাড়া দেওয়া হচ্ছে বলে তাঁর দাবি । উচ্ছেদে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় প্রচুর সংখ্যক পুলিশও ।
পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনা জেলার গড়িয়া ও সোনারপুর এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয় । ঘটনাস্থলে উপস্থিত রয়েছে সোনারপুর, নরেন্দ্রপুর থানার পুলিশ, রাজপুর সোনারপুর পৌরসভার কর্মীরাও । থানা ও পৌরসভা যৌথভাবে শুরু করে উচ্ছেদ অভিযান । গড়িয়া বাজার, কবি নজরুল মেট্রো ষ্টেশন এলাকায় জবরদখল সরিয়ে দেওয়া হয় এদিন । ফুটপাত দখলমুক্ত করা হয়েছে বলেও খবর । সূত্রের খবর, গড়িয়া থেকে NSC বোস রোড ধরে মহামায়াতলা পর্যন্ত হবে অভিযান ।
অন্যদিকে সোনারপুর বাজার এলাকাতেও শুরু হয়েছে অভিযান । উচ্ছেদ অভিযান সরেজমিনে খতিয়ে দেখেন রাজপুর সোনারপুর পুরসভার পুরপ্রধান পল্লব কুমার দাস । তিনি বলেন পুরো এলাকা পরিষ্কার করা হবে, যাতে মানুষের কোন অসুবিধা না হয় । সরকারি জমি যারা জোর করে দখল করেছিলেন তাদের উঠিয়ে দেওয়া হচ্ছে বলে জানান তিনি । তবে প্রশাসনের এই পদক্ষেপে খুশি পথ চলতি মানুষ । তাঁদের বক্তব্য এর ফলে যাতায়াতের সুবিধা হবে অনেকেরই ।
তবে যারা ফুটপাত দখল করে ব্যবসা করছিলেন তাঁরা সমস্যায় পড়েছেন । অনেকেই ২০ বছর বা তার বেশী সময় ধরে ব্যবসা করছিলেন সেই স্থানে । অনেকেই আবার লকডাউনের সময় থেকে ফুটপাতে ব্যবসা শুরু করেন । তাঁদের বক্তব্য এটা করেই তাঁরা সংসার চালাচ্ছিলেন ।
গরীব মানুষগুলর কী করে এখন পেটে ভাত জুটবে সেটাই এখন চিন্তার বলে জানান তাঁরা । তাঁদের এখানে বসানো হয়েছিল বলেও জানান অনেকে । একই সঙ্গে তাঁদের আরও দাবি তাঁদের বিকল্প আয়ের ব্যবস্থা করা হোক ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

