তীব্র জলসংকট চলছে গ্রাম জুড়ে । গ্রামের পাশ দিয়ে বয়ে চলা জোড় খালের জলই ভরসা বাঁকুড়া-১ নম্বর ব্লকের জগদল্লা-২ গ্রাম পঞ্চায়েতের মানুষমুড়া গ্রামের বাসিন্দাদের । সকাল হলেই যাবতীয় কাজ ছেড়ে হাঁড়ি, কলসি, বালতি নিয়ে গ্রামের মহিলারা বেরিয়ে পড়ছেন জোড়খালের পথে । সেখানে গিয়ে জোড়ের বালি খুঁড়ে স্থানীয় ভাষায় চুয়া তৈরি করে পানীয় জল সংগ্রহ করে আনতে হচ্ছে তাঁদের । মানুষমুড়া গ্রামের জল সংকটের এই ছবি নিত্যদিনের ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গ্রামে যে ক’টি টিউবওয়েল রয়েছে সেগুলির জল ব্যবহারের অযোগ্য । ‘টাইম কল’ থাকলেও জল দেওয়ার নির্দিষ্ট টাইম নেই । ফলে এক ও একমাত্র ভরসা গ্রামের জোড়ই । সেই জল খেয়েই এখন বেঁচে থাকা এখানকার মানুষের । জলসমস্যা সমাধানের দাবিতে একাধিকবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হলেও মৌখিক আশ্বাস ছাড়া কিছুই মেলেনি বলে অভিযোগ তাঁদের ।
গ্রামবাসী মিঠু বাউরী, অনিমা বাউরীরা বলেন, দীর্ঘদিন জল সংকটে ভুগছি । জোড়ের জলও পর্যাপ্ত নয়, মাটির নিচে সামান্য যে জল মিলছে তা ভাগাভাগি করে নিতে হচ্ছে বলে তাঁরা জানান ।
এই ঘটনায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে বিজেপি । দলের জেলা কমিটির সদস্য বিকাশ ঘোষের দাবি, মানুষের হাতে পানীয় জল তুলে দিতেও ব্যর্থ শাসক দল । নির্বাচনে বিজেপি যে সব জায়গায় জিতেছে সেখানেই উন্নয়নমূলক কাজে বাধা দিচ্ছে তৃণমূল । বিষয়টি নিয়ে তারা আন্দোলনে নামবেন বলেও তিনি জানান।
অন্যদিকে স্থানীয় ব্লক তৃণমূল সভাপতি অংশুমান ব্যানার্জী জল সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন । তিনি বলেন, যত দ্রুত সম্ভব বিকল্প উপায়ে ওই গ্রামে জলসরবরাহের ব্যবস্থা করা হবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

