রাজ্য সরকারের উদ্যোগে মহিলাদের জন্য চালু হল বিশেষ বাস পরিষেবা। নিত্য যাতায়াতের ক্ষেত্রে মহিলাদের প্রায়ই ভোগান্তির মুখে পড়তে হয়। ভিড় বাসে হেনস্থার শিকার হতে হয় বলেও অভিযোগ ওঠে। এইসকল সমস্যার সমাধানে উদ্যোগ রাজ্য পরিবহণ দফতরের। আপাতত হাওড়া-বালিগঞ্জ রুটে চলাচল করবে বাসটি।
মঙ্গলবার হাওড়া স্টেশনের সামনে থেকে ‘লেডিস স্পেশ্যাল’ সরকারি বাস পরিষেবা চালু হল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী, প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল। এবার থেকে প্রতিদিন সকাল সাড়ে ৯ টায় হাওড়া থেকে নন এসি ‘লেডিস স্পেশ্যাল’ বাস ছাড়বে। ডালহৌসি, ধর্মতলা, পার্ক স্ট্রীট, হাজরা। রাসবিহারী হয়ে বালিগঞ্জ স্টেশন পৌঁছাবে। এরপর সেখান থেকে যাত্রীদের নিয়ে হাওড়া পৌঁছাবে। পরিবহণ দফতর সূত্রে খবর, আপাতত হাওড়া, বালিগঞ্জের মধ্যেই পরিষেবা পাওয়া যাবে। এই ব্যবস্থা সফল হলে অন্য রুট গুলিতেও বাস চালানো হবে।
বাসের ভাড়া হবে ৮ টাকা থেকে ১১ টাকার মধ্যে। স্কুল-কলেজ, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত মহিলাদের জন্য বিশেষ ছাড় থাকবে বলেও জানা গিয়েছে। বাসে মহিলা কন্ডাক্টর থাকবেন, যদিও চালকের আসনে থাকবেন পুরুষ। এর আগে মদন মিত্র পরিবহণ মন্ত্রী থাকাকালীন লেডিস স্পেশ্যাল বাস চালানো হয়েছিল কিন্তু ফলপ্রসূ না হওয়ায় পরিষেবা বন্ধ করে দিতে হয়েছিল। তবে এবার পরিষেবা লাভজনক হবে বলেই মনে করছে পরিবহণ দফতর।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

