ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির অভিযোগে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। সরব হয়েছে বিরোধীরা। সর্বোপরি লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ প্রশ্নের মুখে। একদিকে যখন বিতর্ক-তদন্ত চলছে সেইসময়েই নিট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা পুনরায় রাজ্যের হাতে ফেরানো হোক, এই দাবি করেছেন তিনি।
নিট-এর প্রশ্নপত্র ফাঁস দুর্নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, ২০১৭ সালের আগে রাজ্যগুলির প্রবেশিকা পরীক্ষা আয়োজন করার অনুমতি ছিল পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তরফে তাদের নিজস্ব পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হত। সেই পদ্ধতিতেই পরীক্ষার স্বচ্ছতা ছিল। মুখ্যমন্ত্রী আরও লেখেন, ‘রাজ্য সরকার ডাক্তারি পড়ুয়াদের পড়াশোনা ও ইন্টার্নশিপ বাবদ মাথাপিছু প্রায় ৫০ লক্ষ টাকা করে খরচ করে তাই JEE ( Joint Entrance Examination)-এর মাধ্যমে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নেওয়ার স্বাধীনতা রাজ্যগুলিকে দেওয়া উচিৎ।’
উল্লেখ্য, গত ৪ জুন নিট পরীক্ষার ফল প্রকাশ হয়। এরপরই দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। নিট-এ গ্রেস মার্কস প্রাপ্ত প্রায় দেড় হাজার পড়ুয়ার পরীক্ষা বাতিল করে শীর্ষ আদালত। প্রাথমিক তদন্তের মাধ্যমে জানা যায়, ৩০-৩২ লক্ষ টাকায় বিক্রি হয় প্রশ্নপত্র। দুর্নীতির দায় স্বীকার করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। গত রবিবার পুনরায় সেই সকল পরীক্ষার্থীদের নিট পরীক্ষায় বসতে হয়েছে। তার আগেই শনিবার দুর্নীতির তদন্তভার দেওয়া হয় সিবিআইয়ের হাতে।
নিট দুর্নীতি নিয়ে সরব হয়েছে বিরোধীরা। সোমবার, অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনেই উত্তাল হয়েছে সংসদ। এই দুর্নীতি নিয়ে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ কেন্দ্রের কাছে জবাব দাবি করবে বলে জানা যাচ্ছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

