অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। আগামী সোমবার থেকেই নতুন সংসদ ভবনে অধিবেশন বসবে। প্রথম দিনে সকল সাংসদদের শপথ গ্রহণ হবে। প্রধানমন্ত্রীর পর এবার সাংসদ হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। তবে নজরে থাকবে এনডিএ জোটের সঙ্গে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সংঘাত! রাজনৈতিক মহলের একাংশের মতে, অধিবেশনের প্রথম থেকেই একাধিক ইস্যুতে সুর চড়াবে বিরোধীরা।
লোকসভা নির্বাচনের পর তৃতীয়বার সরকার গঠন করেছে এনডিএ জোট। প্রধানমন্ত্রী হিসেবেও হ্যাট্রিক করেছেন নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ হয়েছে তাঁর। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন বসতে চলেছে ২৪ জুন, আগামী সোমবার থেকে। সেখানেই বারাণসীর সাংসদ হিসেবে প্রথমে শপথ নেবেন তিনি। এরপর একে একে রাজ্যের আদ্যাক্ষর অনুযায়ী সাংসদরা শপথ নেবেন। সেই অর্থে পশ্চিমবঙ্গের (West Bengal) নাম আসবে সব শেষে। মঙ্গলবার পর্যন্ত শপথ গ্রহণ প্রক্রিয়া চলবে। প্রোটেম স্পিকারকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি, এরপর প্রোটেম স্পিকার সাংসদদের শপথ বাক্য পাঠ করাবেন।
বিরোধীদের তোয়াক্কা না করেই লোকসভার প্রোটেম স্পিকার নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। এদিকে শপথগ্রহণ পর্বে প্রোটেম স্পিকারকে সাহায্য করার জন্য একটি প্যানেল তৈরি করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখানে আছেন তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের কে সুরেশ, ডিএমকে-র টিআরবালু, বিজেপির রাধামোহন সিংরা। সূত্রে খবর, তিন বিরোধী দলের সাংসদ প্রোটেম স্পিকারকে অসহযোগিতা করতে পারেন। সেই পরিস্থিতি এড়াতে পরিষদীয় মন্ত্রী কিরেন রিজিজু তাঁদের সঙ্গে দেখা করেছেন বলেও খবর।
এনডিএ জোটের উপর ভরসা করেই তৃতীয়বার সরকার গড়তে হয়েছে নরেন্দ্র মোদীকে। কারণ লোকসভা নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি বিজেপি। এমনকি এনডিএ জোট ৩০০-র গণ্ডি পার করতে পারেনি। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি ইন্ডিয়া জোট। তাঁদের দাবি, যেকোনও সময়ে সরকার ভেঙে যেতে পারে, তারপর সরকার গড়বে ‘ইন্ডিয়া’। এদিকে নিট ও নেট পরীক্ষায় দুর্নীতি সামনে আসতেই চাপের মুখে কেন্দ্র। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী খোদ দুর্নীতির দায় স্বীকার করেছেন। প্রশ্নের মুখে লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই দুর্নীতি নিয়ে সংসদে সরব হবে বিরোধীরা। কেন্দ্রের কাছ থেকে জবাব চাইবে তাঁরা। ফলে অধিবেশনে যে উত্তাপ বাড়বে সে কথা বলাই বাহুল্য।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

